শিয়ালদহ শাখায় ৭ ঘণ্টার ব্লক, শনি-রবিবার বাতিল ২১টি লোকাল ট্রেন
কলকাতা: শিয়ালদহ শাখার নিত্যযাত্রীদের জন্য বড়সড় ভোগান্তির খবর। রেলের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য এ বার শিয়ালদহ ডিভিশনে টানা সাত ঘণ্টার ট্রাফিক ব্লক ঘোষণা করল পূর্ব…
কলকাতা: শিয়ালদহ শাখার নিত্যযাত্রীদের জন্য বড়সড় ভোগান্তির খবর। রেলের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য এ বার শিয়ালদহ ডিভিশনে টানা সাত ঘণ্টার ট্রাফিক ব্লক ঘোষণা করল পূর্ব রেল। শনিবার মধ্যরাত থেকে শুরু হয়ে রবিবার সকাল পর্যন্ত এই মেগা ব্লক চলবে। এর জেরে উইকএন্ডে চরম ভোগান্তির মুখে পড়তে চলেছেন শিয়ালদহ-মেইন, শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদহ-ডানকুনি শাখার অসংখ্য যাত্রী। পূর্ব রেলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই সাত ঘণ্টার ট্রাফিক ব্লকের জেরে উল্লেখিত শাখাগুলিতে আপ ও ডাউন মিলিয়ে মোট ২১টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে।
একগুচ্ছ ট্রেন বাতিলের পাশাপাশি একটি লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। পূর্ব রেল জানিয়েছে, ৫৩১৭২ লালগোলা-শিয়ালদহ লোকাল ট্রেনটি ৫ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে লালগোলা থেকে ছেড়ে ভোর ৪টে ৭ মিনিটে দমদম জংশনে পৌঁছবে। কিন্তু ব্লকের কারণে ট্রেনটি ওই দিন আর শিয়ালদহ পর্যন্ত যাবে না, দমদম স্টেশনেই তার যাত্রা শেষ করবে। যাত্রী নিরাপত্তার স্বার্থেই এই রক্ষণাবেক্ষণের কাজ জরুরি বলে রেলের আধিকারিকরা জানিয়েছেন।
রবিবার সকালে যে ট্রেনগুলি বাতিল থাকছে, তার মধ্যে ডানকুনি শাখার একাধিক ট্রেন রয়েছে। আপ লাইনে বাতিল হয়েছে ভোর ৫টার (৩২২১৩), ভোর ৫টা ৪৫ মিনিটের (৩২২১৫) এবং ভোর ৬টা ৫ মিনিটের (৩২২১৭) শিয়ালদহ-ডানকুনি লোকাল। ডাউন লাইনে বাতিল থাকছে ভোর ৫টা ৫৩ মিনিটের (৩২২১৪), সকাল ৬টা ৩৪ মিনিটের (৩২২১৬) এবং সকাল ৭টার (৩২২১৮) ডানকুনি-শিয়ালদহ লোকাল। রানাঘাট শাখার ক্ষেত্রে বাতিল করা হয়েছে ভোর ৬টা ২০ মিনিটের আপ শিয়ালদহ-রানাঘাট (৩১৬১৫) এবং সকাল ৮টা ৩৫ মিনিটের ডাউন রানাঘাট-শিয়ালদহ লোকাল (৩১৬২০)। পাশাপাশি বাতিল থাকছে ভোর ৪টে ১২ এবং ভোর ৫টা ৩০ মিনিটের দু’টি আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল এবং ভোর ৫টা ২ মিনিটের ডাউন কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল ট্রেনটি। ব্যারাকপুর শাখার আপ সকাল ৬টা ৪৮ এবং ডাউন সকাল ৭টা ৪০ মিনিটের গ্যালোপিং লোকাল দু’টিও ব্লকের কারণে চলবে না।
এর পাশাপাশি শিয়ালদহ-বনগাঁ লাইনেও বাতিল থাকছে একাধিক ট্রেন। হাবরা শাখার ক্ষেত্রে বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে ভোর ৪টে ৪৫ ও ভোর ৬টা ৪০ মিনিটের দু’টি আপ শিয়ালদহ-হাবরা লোকাল। এছাড়া বাতিল থাকছে ভোর ৬টা ৩৭ এবং সকাল ৮টা ৫৫ মিনিটের দু’টি ডাউন হাবরা-শিয়ালদহ লোকাল। পাশাপাশি বাতিল করা হয়েছে সকাল ৮টা ৫৮ মিনিটের আপ শিয়ালদহ-হাসনাবাদ (৩৩৪ ৩১), ভোর ৫টা ১৬ মিনিটের ডাউন বারাসত-শিয়ালদহ (৩৩৪ ৩২), সকাল ৭টা ২৬ মিনিটের আপ শিয়ালদহ-দত্তপুকুর (৩৩৬১৩) এবং সকাল ৮টা ৪৫ মিনিটের ডাউন দত্তপুকুর-শিয়ালদহ লোকাল (৩৩৬১৮)। হঠাৎ করে ট্রেন বাতিলের জেরে যাতে যাত্রীদের চরম নাকাল হতে না হয়, তার জন্য রেলের তরফে যাত্রীদের কাছে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন এই বাতিল ট্রেনের সময়সূচি দেখেই নিজেদের যাত্রার পরিকল্পনা করেন।
Advertisements
মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?
বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা