বাহরাইনে মার্কিন দূতাবাসের সতর্কতা, ইরানের হামলার আশঙ্কায় নাগরিকদের সাবধানবার্তা
বাহরাইন: পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনে থাকা মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে বাহরাইনে মার্কিন দূতাবাস। সম্ভাব্য পরিস্থিতির আকস্মিক অবনতির আশঙ্কায় বাহরাইন-সহ গোটা…
বাহরাইন: পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনে থাকা মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে বাহরাইনে মার্কিন দূতাবাস। সম্ভাব্য পরিস্থিতির আকস্মিক অবনতির আশঙ্কায় বাহরাইন-সহ গোটা পশ্চিম এশিয়ায় থাকা আমেরিকান নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। ৫ সেপ্টেম্বর জারি করা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, বর্তমানে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি জটিল রয়েছে এবং পরিস্থিতি কোনও পূর্বাভাস ছাড়াই আরও খারাপ হতে পারে।
বাহরাইনে ইরানের হামলার আশঙ্কার কথা জানাল দূতাবাস
মার্কিন দূতাবাস সতর্ক করে জানিয়েছে, অতীতে ইরান বাহরাইনের বেসামরিক পরিকাঠামোতেও হামলা চালিয়েছে। এর মধ্যে রাজধানী মানামার হোটেলও ছিল বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে বাহরাইন ও পশ্চিম এশিয়ায়র অন্যান্য দেশে থাকা মার্কিন নাগরিকদের নিজেদের নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। দূতাবাসের বক্তব্য অনুযায়ী, ইরান অথবা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলি ভবিষ্যতে বিদেশে থাকা অন্যান্য মার্কিন স্বার্থকেও লক্ষ্যবস্তু করতে পারে। এর মধ্যে মার্কিন সংস্থা বা আমেরিকান নাগরিকদের সঙ্গে যুক্ত ব্যবসা ও প্রতিষ্ঠানও থাকতে পারে।
বিমান পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
নিরাপত্তা পরিস্থিতির কারণে সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াতে বিঘ্ন নিয়েও সতর্ক করেছে মার্কিন দূতাবাস। বাহরাইন বা পশ্চিম এশিয়ার অন্য কোনও জায়গা থেকে যাত্রা করার আগে আমেরিকান নাগরিকদের সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কাছ থেকে ফ্লাইটের পরিস্থিতি জেনে নিতে বলা হয়েছে। পাশাপাশি বিমানবন্দর ও এয়ারলাইন্সের পরিষেবা সংক্রান্ত সর্বশেষ তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিস্ফোরণ বা সাইরেন শুনলে কী করবেন?
কোনও জোরালো বিস্ফোরণের শব্দ বা সাইরেন শুনলে মার্কিন নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। দূতাবাসের নির্দেশ অনুযায়ী:
Advertisements
- বাড়ির ভিতরে থাকলে ভবনের সবচেয়ে নিচের তলায় চলে যেতে হবে।
- জানালা ও বাইরের দেওয়াল থেকে দূরে থাকতে হবে।
- বাইরে থাকলে শক্তিশালী বা সুরক্ষিত কোনও ভবনে আশ্রয় নিতে হবে।
- আশ্রয় নেওয়ার জায়গা না থাকলে মাথা সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে।
মিসাইল বা ড্রোনের ধ্বংসাবশেষ থেকেও বিপদ
হামলার সময় আকাশে আটকানো মিসাইল বা ড্রোনের পড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকেও বড় বিপদ তৈরি হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস। কোনও হামলার পর এমন ধ্বংসাবশেষ দেখতে পেলে তার কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও সরকারি কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।
বিক্ষোভ ও বড় জমায়েত এড়ানোর পরামর্শ
মার্কিন নাগরিকদের বিক্ষোভ, মিছিল এবং বড় জমায়েত এড়িয়ে চলতে বলেছে দূতাবাস। পাশাপাশি আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা এবং সরকারি সূত্র থেকে পাওয়া সর্বশেষ তথ্য নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন কোনও নির্দেশ দিলে তা মেনে চলার জন্যও নাগরিকদের বলা হয়েছে। তবে বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন দূতাবাস বর্তমানে আমেরিকান নাগরিকদের নিয়মিত পরিষেবা এবং ভিসা পরিষেবা চালু রেখেছে বলে জানানো হয়েছে। সামগ্রিকভাবে, এই সতর্কবার্তা পশ্চিম এশিয়ায়র বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগেরই ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে বেসামরিক পরিকাঠামো, মার্কিন স্বার্থ এবং বিমান পরিষেবার উপর সম্ভাব্য প্রভাবের বিষয়ে নাগরিকদের আগাম প্রস্তুত থাকতে বলা হয়েছে।