Train Cancelled: শুক্রবারও বন্দেভারত-সহ একগুচ্ছ ট্রেন বাতিল, রাস্তায় নামছে প্রচুর বাস, জানালেন অর্জুন সিং | North Bengal Train Services Disrupted: Vande Bharat Among Several Trains Cancelled, Extra Buses services announced by Arjun Singh
সায়ন্ত ভট্টাচার্য ও অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট
কলকাতা: রেলপথে উত্তরবঙ্গে যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন হয়েছে। মালদহ ডিভিশনের নিউ ফরাক্কা রেল স্টেশনে রেললাইনের নীচে ধসের কারণে বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গগামী প্রায় সব ট্রেন বাতিল করা হয়েছে। রেল কর্তৃপক্ষের তরফে আগেই জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। আগামী দুই-তিনদিন দুর্ভোগ চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই আবহে আগামিকালও উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল করা হল। কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি একটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ট্রেন বাতিল হওয়ায় উত্তরবঙ্গ যাওয়ার ভরসা বাস ও বিমান। বিমানের ভাড়া আকাশছোঁয়া, এদিকে বাসর পরিষেবা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং।
বাতিল ট্রেনের তালিকা
- ১৩৪৩১ নবদ্বীপ ধাম–বালুরঘাট এক্সপ্রেস
- ২২৩০১ হাওড়া–নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস
- ১৩০৬৩ হাওড়া–বালুরঘাট এক্সপ্রেস
- ১৩০৫৩ হাওড়া–রাধিকাপুর কুলিক এক্সপ্রেস
- ২২৩০২ নিউ জলপাইগুড়ি–হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস
- শিয়ালদহ-কাঞ্চনকন্যা এক্সপ্রেস
- সাহেবগঞ্জ-মালদহ টাউন মেমু ট্রেন
বাসের পরিষেবা বাড়ানো হচ্ছে
পরিবহন মন্ত্রী অর্জুন সিং বলেন, “ফরাক্কাতে রেললাইনে ধস নেমেছে। সেটা মেরামত করা যায়নি। আরও ২৪ ঘণ্টা লাগবে। তার জন্য সব ট্রেন বাতিল হয়েছে। আমরা অতিরিক্ত বাস দিয়েছি। যাতে যাত্রীদের দুর্ভোগ না হয়, তার জন্য যথাযত পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, রাত বাড়তেই ধর্মতলায় বাস ধরার ভিড় বাড়ে। যাত্রীদের অভিযোগ, ট্রেন বাতিলের জেরে বাসের টিকিটও বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে। অন্যদিকে ফ্লাইটের ভাড়াও আকাশছোঁয়া।
বৃহস্পতিবার কোন কোন ট্রেন বাতিল?
বৃহস্পতিবার রাতে বাতিল হয়েছে গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন।