Kolkata Heavy Rain: রোদ দেখা মিলল! তবুও প্লাবনের আশঙ্কা দক্ষিণবঙ্গে, সতর্কতা আবহাওয়াবিদদের? | Kolkata Weather: Heavy Rain Triggered by Low Pressure, Alipore Records 128 mm Rain in 24 Hours
কলকাতা: নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টি কলকাতায়। গত ২৪ ঘণ্টায় কেবল আলিপুরেই ১২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকবে। নিম্নচাপের জেরে বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার পশ্চিমের তিন জেলা অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
নিম্নচাপের অবস্থান
তবে বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশের আকাশ খানিকটা পরিষ্কার হয়েছে। রোদ উঠেছে। তার কারণ উপকূলের উত্তর ওড়িশা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে পশ্চিম ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। আর ঠিক সে কারণেই দক্ষিণবঙ্গের বাকি অংশের আকাশ পরিষ্কার হলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
প্লাবনের আশঙ্কা
কিন্তু তাতেও বিপদ কাটছে না বাংলার। নিম্নচাপ ঝাড়খণ্ডে সরে যাওয়া, আজ সেখানে ভারী বৃষ্টি হবে। ফলে ডিভিসি-ও জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে। বুধবার সকাল পর্যন্ত ডিভিসি ৭০ হাজার কিউসেক হারে জল ছেড়েছে। ঝাড়খণ্ডের জলে প্লাবনের জোর আশঙ্কা দক্ষিণবঙ্গে। বন্যার হলুদ সতর্কতা জারি করেছে ডিভিসি।
কোথায় কোথায় প্লাবনের শঙ্কা?
পশ্চিম বর্ধমানেও প্রবল বৃষ্টি, জলের চাপ বাড়ছে দুর্গাপুর ব্যারাজে। দুশ্চিন্তা বাড়ছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের দামোদর-পাড়ে। ১.৫ লক্ষ কিউসেক হারে জল ছাড়ছে গালুডি জলাধার। গালুডির জলে ডুবেছে ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা।
উত্তরেও ভারী বৃষ্টি
নিম্নচাপের জেরে উপরের দিকের পাঁচটি জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। দার্জিলিং টয় ট্রেন স্টেশনে ভেঙে পড়েছে টিনের শেড।