Kolkata Derby: ৩ সপ্তাহের মধ্যেই আবার মুখোমুখি ইস্ট-মোহন, জেনে নিন কলকাতা ডার্বির সূচি! | East Bengal to Clash with Mohun Bagan on September 7 in CFL Derby
কলকাতা: অবশেষে জানা গেল কলকাতা ডার্বির দিনক্ষণ। আগে থেকেই এই বিষয়ে জানা গিয়েছিল, খুব সম্ভবত বারাসত স্টেডিয়ামে হতে পারে কলকাতা লিগের ডার্বি ম্যাচ। কিন্তু নৈশালোকে আদৌ খেলা হবে কিনা, এই বিষয়ে একটা দ্বিধা ছিলই। অবশেষে আজ বুধবার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে জানানো হল কলকাতা ডার্বি কবে হবে।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, আগামী ৭ সেপ্টেম্বর, অর্থাৎ সোমবার হবে কলকাতা ডার্বির ম্যাচ। বিকেল ৫টা থেকে বারাসত স্টেডিয়ামেই হবে খেলা। আইএফএ সচিব আগেই বলেছিলেন, তাঁরা চেষ্টা করছেন যেন ৭ সেপ্টেম্বর ডার্বি আয়োজন করা যায়। এমনকি সেদিন ফ্লাডলাইটের নীচে ডার্বি আয়োজন করতে বদ্ধপরিকর ছিলেন তাঁরা। নোটিশে বলা হয়েছে, আগামী ৭ তারিখ খেলা বারাসাত স্টেডিয়ামে খেলবে দুই প্রধান। এই ম্যাচকে আর পিছোনো হবে না। সূচি অনুযায়ী সব ম্যাচ শুরু হবে। এমনকি প্রত্যেক দলকে নিজস্ব বল নিয়ে আসতে হবে। এবং সর্বোচ্চ ৫ জন খেলোয়াড়কে পরিবর্তন করা যাবে।
অতীতে শোনা গিয়েছিল, ২৯ আগস্ট ডার্বি হবে। কিন্তু তারপর কোনও কারণে এটি পিছিয়ে দেওয়া হয়। তারপর শোনা গিয়েছিল ৫ সেপ্টেম্বর ডার্বি হবে। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ার ফলে এই তারিখও পিছিয়ে দেওয়া হয়। ৬ সেপ্টেম্বরও হওয়ার কথা হয়েছিল কিন্তু সেটিও না হওয়ায় অবশেষে ৭ তারিখ হচ্ছে কলকাতা ডার্বি। এর আগে ২৩ আগস্ট ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইস্ট-মোহন। সেই ম্যাচে মোহনবাগানকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। তার মধ্যেই আবার ডার্বি এবং আবার এক দুর্দান্ত লড়াই দেখার অপেক্ষায় শহরের ক্রীড়াপ্রেমীরা।