Malda: ঝুলছে স্কুল, তলিয়ে যেতে পারে যে কোনও সময়, উদ্বেগে পড়ুয়ারা | Part of primary school emerged due to river erosion in Malda
নদীর ধারে প্রাথমিক স্কুলImage Credit: TV9 Bangla
মালদহ: প্রবল বৃষ্টিতে একের পর এক এলাকা জলের নীচে। রীতিমতো ফুলে-ফেঁপে উঠেছে নদী। জায়গায় জায়গায় গঙ্গার ভাঙনে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা।কে কোথায় আশ্রয় নেবেন বুঝে উঠতে পারছেন না। বেশ কয়েকদিন কেটে গেলেও পরিস্থিতি পাল্টায়নি। তবে সবথেকে বিপদে রয়েছে একটি স্কুল। প্রাথমিক স্কুলের একটি অংশ কার্যত নদীতে ঝুলছে। তলিয়ে যেতে পারে যে কোনও সময়।
রতুয়া ১নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা গ্রাম ছাড়াও পশ্চিম রতনপুর গ্রামে দেখা যাচ্ছে গঙ্গার এই ভাঙন। ইতিমধ্যেই ভাঙনের কবলে পড়ে গৃহহীন হয়েছে পরিবার। বাড়িঘর ভেঙে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন এলাকার বাসিন্দারা। ভাঙনের গ্রাস থেকে রেহাই পায়নি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানও।
পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের একটা বড় অংশ ইতিমধ্যেই গঙ্গার জলে তলিয়ে গিয়েছে। প্রায় অর্ধেক স্কুল ভবন গঙ্গার জলে। বর্তমানে কার্যত গঙ্গার পাড়ে ঝুলছে বিদ্যালয়টি। যে কোনও মুহূর্তে বাকি অংশও নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
নিজের স্কুলভবন এভাবে নদীগর্ভে চলে যাওয়ায় আতঙ্ক ও উদ্বেগে পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকরা। দ্রুত ভাঙন রোধ করা না গেলে আরও বাড়িঘর, রাস্তা এবং অন্যান্য পরিকাঠামো নদীগর্ভে চলে যেতে পারে। বিশেষ করে পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের অবশিষ্ট অংশ রক্ষা করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।