৩০৭ পয়েন্ট কমলো Sensex, কেন সপ্তাহের শুরুতেই বাজারে ধস?
সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে পতনের খাদে দেশের শেয়ার বাজার। সোমবার বাজার খোলার পরে থেকেই ডাউন ছিল দুই স্টক এক্সচেঞ্জের অধিকাংশ ইনডেক্স। বাজার বন্ধের সময়ও সেই অবস্থার পরিবর্তন হয়নি। পশ্চিম এশিয়ায় নতুন করে তৈরি হওয়া অশান্তির পরিবেশ, ইউএস ফেড চেয়ারম্যানের সাম্প্রতিক মন্তব্য— সব মিলিয়ে দালাল স্ট্রিটে নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করেছে বলে মত বিশ্লেষকদের।
সোমবার বাজার বন্ধের সময় সেনসেক্স রয়েছে ৭৬,৯৫৭ পয়েন্টে। অগস্ট মাসের শেষ দিনে তা কমেছে ৩০৭ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ। অন্য দিকে নিফটি৫০ কমেছে ৯৫ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ। এই পতনের জেরে নিফটি৫০ রয়েছে ২৪,০৮০ পয়েন্টে।
মিড ক্যাপ ইনডেক্সগুলির সামান্য বৃদ্ধি হলেও স্মল ক্যাপ ইনডেক্সগুলির পতন হয়েছে এ দিনের ট্রেডিং সেশনে। বাজার খোলার পরে অধিকাংশ সেক্টরাল ইনডেক্স নেগেটিভে ছিল। কিন্তু বাজার বন্ধের সময় বেশ কয়েকটি সেক্টরাল ইনডেক্স পজ়িটিভে ফিরেছে। নিফটি-তে প্রাইভেট ব্যাঙ্ক, ব্যাঙ্ক, ফার্মা, অয়েল অ্যান্ড গ্যাসের মতো সেক্টরাল ইনডেক্সের বৃদ্ধি হয়েছে।
বাজারের এই পতনের পিছনে পশ্চিম এশিয়ায় নতুন করে তৈরি হওয়া উত্তেজনাও বড় কারণ বলে মনে করছেন জিওজিৎ ইনভেস্টমেন্টসের গবেষণা বিভাগের প্রধান বিনোদ নায়ার। তাঁর মতে, আমেরিকা ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনায় কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কিছুটা ধাক্কা খেয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। অপরিশোধিত তেলের দাম এবং বিশ্ব বাজারে বন্ড ইয়েল্ড বেড়েছে। এর ফলে জ্বালানি-নির্ভর মূল্যবৃদ্ধি এবং সুদের হার আরও বেশি থাকার আশঙ্কা তৈরি হয়েছে। যা আগামী দিনে সংস্থাগুলির আয়ে চাপ তৈরি করতে পারে।
অন্য দিকে, জ্যাকসন হোল বৈঠকের পরে ইউএস ফেডের চেয়ারম্যানের সাম্প্রতিক মন্তব্যেও বাজারের উদ্বেগ বেড়েছে। সেপ্টেম্বর মাসে সুদের হার বাড়তে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে। এর জেরেই সপ্তাহের শুরুতে দেশের শেয়ার বাজারে ডাউনট্রেন্ড বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।