‘আমার ছেলে যেন বিচার পায়’, আদালতে গিয়ে সাক্ষ্য দিলেন বরুণের নবতিপর বাবা
থরথর করে কাঁপছেন। নবতিপর বৃদ্ধকে ধরে রাখতে হয়েছে দু-তিন জন মিলে। বয়সের ভারে শরীর কিছুটা নুইয়ে পড়েছে। আদালত থেকে বের হতেই ছেঁকে ধরলেন সাংবাদিকরা। একের পর এক প্রশ্ন। সব প্রশ্নই শুনলেন মন দিয়ে। শেষে কাঁপা কাঁপা গলায় একটাই উত্তর দিলেন দৃঢ় কণ্ঠে। বৃদ্ধ বললেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের যেন শাস্তি হয়। আমার ছেলে যেন বিচার পায়।’ ছেলের নাম বরুণ বিশ্বাস। রাজ্যের এক প্রতিবাদী কণ্ঠ ছিলেন তাঁর ছেলে। খুনের মামলার সাক্ষী দিতে সোমবার বনগাঁ ট্র্যাক-১ আদালতে হাজির হয়েছিলেন বরুণের বাবা ৯২ বছর বয়সি জগদীশ বিশ্বাস।