মানুষের অভাব-অভিযোগ শুনতে সপ্তাহে দু-দিন ‘জনতার দরবার’, নির্দেশিকা জারি নবান্নর
নতুন নিয়ম চালু করল নবান্ন (Nabanna)। এবার থেকে প্রশাসনের মাঠপর্যায়ের আধিকারিকদের সপ্তাহে দু’দিন নির্দিষ্ট সময় বাধ্যতামূলকভাবে থাকতে হবে অফিসে। অর্থাৎ, সপ্তাহে দু-দিন জনতার দরবার। সাধারণ…
নতুন নিয়ম চালু করল নবান্ন (Nabanna)। এবার থেকে প্রশাসনের মাঠপর্যায়ের আধিকারিকদের সপ্তাহে দু’দিন নির্দিষ্ট সময় বাধ্যতামূলকভাবে থাকতে হবে অফিসে। অর্থাৎ, সপ্তাহে দু-দিন জনতার দরবার। সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শোনার জন্যই এমন নিয়ম চালু করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে দেখা করতে পারবেন সাধারণ মানুষ, জানাতে পারবেন নিজেদের অভিযোগ। এই দু’দিন দেখা করতে গেলে প্রয়োজন নেই কোনও অ্যাপোয়েন্টমেন্টের। এই নতুন নিয়মের জন্য নির্দেশিকা জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব।
নবান্নের নির্দেশ অনুযায়ী, ওই নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকতে হবে আধিকারিকদের। সেই সময়ে অন্য কোনও বৈঠক (অফিসিয়াল),সফর, পরিদর্শন বা অন্য কোনও কর্মসূচি না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কারা কারা এই নির্দেশের আওতায় থাকছেন? প্রশাসনের মাঠপর্যায়ের একাধিক আধিকারিক যেমন জেলাশাসক (DM), অতিরিক্ত জেলাশাসক (ADM), মহকুমাশাসক (SDO), বিডিও (BDO) থেকে শুরু করে পুর কমিশনার, থাকবেন এই নির্দেশের আওতায়। পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। সেক্ষেত্রে, নির্ধারিত সময়ে সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য উপস্থিত থাকতে হবে পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার (DC), পুলিশ সুপার (SP)-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের।
অভিযোগ জানানোর পর কী পদক্ষেপ করা হল সেই তথ্য নথিবদ্ধ করতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, কোনও অভিযোগ আসার পর সেটি কীভাবে নিষ্পত্তির দিকে এগোল, তারও রেকর্ড রাখতে হবে প্রশাসনকে।
এছাড়াও, সংশ্লিষ্ট সরকারি দফতর বা অফিসে আধিকারিকের সরকারি ই-মেল আইডি এবং মোবাইল নম্বর টাঙাতে হবে। যাতে সাধারণ মানুষ প্রয়োজনে সরাসরি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।