কাস্টমসকে হারিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে ইস্টবেঙ্গল
প্রয়োজন ছিল এক পয়েন্ট। তবে ঘরের মাঠে তিন পয়েন্ট নিয়েই বাজিমাত করল ইস্টবেঙ্গল। রবিবার দুপুরে কাস্টমসকে ২-০ গোলে হারিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে পৌঁছে গেল লাল-হলুদ ব্রিগেড।
শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে ছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধেই দুই গোলে লিড নেয় তারা। তিন মিনিটে ইস্টবেঙ্গলকে লিড এনে দেন মনোতোষ মাজি। ৩৫ মিনিটে ব্যবধান বাড়ান আকাশ হেমব্রম। দ্বিতীয়ার্ধে দারুণ লড়াই করে কাস্টমস। তবে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মনোরঞ্জন সিং মাঠ ছাড়ায় আর ম্যাচে ফিরতে পারেনি তারা। অন্য দিকে কাস্টমসের গোলকিপার সোমনাথ দত্তের একাধিক ভালো সেভে ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গলও।
এই জয়ের ফলে ৯ ম্যাচে ২৩ পয়েন্টে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রইল লাল-হলুদ ব্রিগেড।