বলাগড়ে গঙ্গার ভয়াবহ ভাঙন, আতঙ্কে চরখয়রামারির বাসিন্দারা
গঙ্গার ভয়াবহ ভাঙনে বলাগড়ের চরখয়রামারিতে তলিয়ে গেল নতুন তৈরি পিচের রাস্তা। ভিটেমাটি ও জমি হারানোর পরে এ বার যাতায়াত ও পানীয় জলের সঙ্কটে দুশ্চিন্তায় প্রায় ৩০০-র বেশি পরিবার। স্থানীয়দের দাবি, বালির বস্তা নয়, প্রয়োজন কংক্রিটের স্থায়ী বাঁধ। অন্য দিকে, বলাগড়ের বিধায়ক তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়েছেন, গুপ্তিপাড়া থেকে উলুবেড়িয়া পর্যন্ত গঙ্গার ভাঙন রোধে ৪০০ কোটি টাকার বেশি বরাদ্দের প্রকল্প প্রস্তুত করা হয়েছে। কিছু প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই দ্রুত কাজ শুরু হবে বলে আশ্বাস।