বিপর্যস্ত জনজীবন, শিল্প বন্ধ! আঁধারে বাংলাদেশ
কুদ্দুস আফ্রাদ, ঢাকা
বিদ্যুৎ ও জ্বালানি গ্যাসের হাহাকার চলছে রাজধানী ঢাকা-সহ গোটা বাংলাদেশে। একমাসেরও বেশি সময় ধরে একটানা এই দুরবস্থায় সরকারের তরফে কিছু রাজনৈতিক বার্তা দেওয়া ছাড়া পরিস্থিতি উন্নতির জন্য সরকারের বিদ্যুৎ দপ্তর ভরসাযোগ্য কোনও পদক্ষেপ করতে পারেনি বলে অভিযোগ। বৃহস্পতিবার সংসদে নির্দল সদস্য রুমিন ফারহানা টিপ্পটি কেটে বলেন, ‘এখন বিদ্যুৎ চলে গেলে মানুষ বলে ‘টুকু (বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু) গেল। টুকু আসে টুকু যায়, টুকু কিছুতে আর থাকে না!’ রাস্তায় স্লোগান উঠেছে, ‘খাম্বা আছে, কারেন্ট নেই।’ সোশ্যাল মিডিয়াতেও বিদ্যুৎ ও গ্যাস নিয়ে নানা কটাক্ষ চলছে বহু দিন ধরে। সব চেয়ে ভয়ঙ্কর অবস্থায় রয়েছেন জেলা, উপজেলা ও গ্রামের মানুষরা। বিদ্যুৎ ও গ্যাসের অভাবে বন্ধ হয়ে গিয়েছে বহু শিল্প কারখানা। পারটেক্স গ্রুপের মতো বড় একটি শিল্প গোষ্ঠী তাদের বহু শিল্প-প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।