৮ লক্ষ টাকা কমে মাহিন্দ্রার XEV 9E 9S, চালু হল ব্যাটারি ভাড়া সুবিধা
নয়াদিল্লি: বৈদ্যুতিক গাড়ি কেনার প্রাথমিক খরচ কমাতে এবার মাহিন্দ্রা এক্সইভি (Mahindra XEV) ৯ই এবং মাহিন্দ্রা এক্সইভি ৯এস-এ ব্য়াটারি-অ্যাস-এ-সার্ভিস বা বিএএস ব্যবস্থা চালু করল মাহিন্দ্রা। এর…
নয়াদিল্লি: বৈদ্যুতিক গাড়ি কেনার প্রাথমিক খরচ কমাতে এবার মাহিন্দ্রা এক্সইভি (Mahindra XEV) ৯ই এবং মাহিন্দ্রা এক্সইভি ৯এস-এ ব্য়াটারি-অ্যাস-এ-সার্ভিস বা বিএএস ব্যবস্থা চালু করল মাহিন্দ্রা। এর ফলে গাড়ির দামের সঙ্গে পুরো ব্য়াটারি প্যাকের খরচ দিতে হবে না। বিএএস ব্যবস্থায় এক্সইভি ৯এস-এর দাম শুরু হচ্ছে ১২.৬৫ লক্ষ টাকা থেকে এবং এক্সইভি ৯ই-এর দাম শুরু হচ্ছে ১৩.৯০ লক্ষ টাকা থেকে। দুটিই এক্স-শোরুম দাম।
মাহিন্দ্রার দাবি, বিএএস ব্যবস্থায় এই দুই বৈদ্যুতিক গাড়ির প্রাথমিক দাম প্রায় ৮ লক্ষ টাকা পর্যন্ত কমে যাচ্ছে। তবে ব্য়াটারি ব্যবহারের জন্য প্রতি কিলোমিটারে অতিরিক্ত খরচ দিতে হবে।
এক্সইভি ৯এস ও এক্সইভি ৯ই-এর দাম কত?
বিএএস ছাড়া এক্সইভি ৯এস-এর দাম শুরু হয় ২০.৬৫ লক্ষ টাকা থেকে। অন্যদিকে এক্সইভি ৯ই-এর দাম শুরু হয় ২১.৯০ লক্ষ টাকা থেকে। এই দাম এক্স-শোরুম এবং চার্জার ছাড়া। বিএএস ব্যবস্থায় প্রাথমিক দাম কমে দাঁড়াচ্ছে:
- মাহিন্দ্রা এক্সইভি ৯এস: ১২.৬৫ লক্ষ টাকা থেকে
- মাহিন্দ্রা এক্সইভি ৯ই: ১৩.৯০ লক্ষ টাকা থেকে
অর্থাৎ গাড়ি কেনার সময় একসঙ্গে বড় অঙ্কের টাকা খরচ করার চাপ অনেকটাই কমবে।

প্রতি কিলোমিটারে দিতে হবে ৩.৭৫ টাকা
বিএএস ব্যবস্থায় গাড়ির ব্য়াটারি আলাদাভাবে অর্থায়ন করা হয়। মাহিন্দ্রার দেওয়া হিসাব অনুযায়ী, ব্য়াটারি ব্যবহারের কার্যকর খরচ শুরু হচ্ছে প্রতি কিলোমিটারে ৩.৭৫ টাকা থেকে। এই হিসাবের ভিত্তি হল প্রতি মাসে শুরুতে ৬,৯৭৫ টাকা ব্য়াটারি ইএমআই এবং প্রতিদিন গড়ে ৬০ কিলোমিটার গাড়ি চালানো। তবে এই প্রতি কিলোমিটারের খরচের মধ্যে গাড়ি চার্জ করার বিদ্যুৎ খরচ অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ ব্য়াটারি অর্থায়নের খরচের পাশাপাশি চার্জিংয়ের খরচও মালিককে বহন করতে হবে।
বিএএস কী?
ব্য়াটারি-অ্যাস-এ-সার্ভিস এমন একটি মূল্য কাঠামো, যেখানে বৈদ্যুতিক গাড়ির ব্য়াটারি প্যাকের দাম গাড়ির মূল এক্স-শোরুম দামের মধ্যে রাখা হয় না। ফলে গাড়িটির প্রাথমিক দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। এরপর নির্দিষ্ট সময়কাল এবং সুদের হারের ভিত্তিতে ব্য়াটারি ব্যবহারের জন্য অর্থায়ন করা হয়। অনেক ক্ষেত্রে এই খরচ গাড়ি কত কিলোমিটার চলছে তার সঙ্গে যুক্ত থাকে। এর ফলে কম বাজেটের ক্রেতারাও তুলনামূলক বেশি দামের বৈদ্যুতিক গাড়ি কেনার সুযোগ পেতে পারেন।
বিএএস এবার মাহিন্দ্রার সব ‘বর্ন ইভি’-তে
এক্সইভি ৯এস এবং এক্সইভি ৯ই-তে বিএএস চালু করার ফলে মাহিন্দ্রার সমস্ত বর্ন ইলেকট্রিক গাড়ি এখন এই ব্যবস্থার আওতায় চলে এল। এর পাশাপাশি বিই ৬ স্পোর্টেক-এর সবকটি ভেরিয়েন্টেও বিএএস ব্যবস্থা সম্প্রসারিত করেছে মাহিন্দ্রা। এতদিন শুধুমাত্র ছোট ৫৯ কিলোওয়াট-আওয়ার ব্য়াটারি-সহ প্যাক ওয়ান এবং প্যাক টু ভেরিয়েন্টে এই সুবিধা পাওয়া যেত। তবে তিনটি মডেলের প্রতিটি ভেরিয়েন্টের জন্য বিএএস-এ ঠিক কত টাকা দিতে হবে, সেই বিস্তারিত দাম এখনও প্রকাশ করেনি মাহিন্দ্রা।
ভারতে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে বিএএস
ভারতে বিএএস মডেল প্রথম বড়ভাবে সামনে আসে জেএসডব্লিউ-এমজি মোটর ইন্ডিয়ার উইন্ডসর-এর মাধ্যমে। এরপর টাটা মোটরস, মারুতি, টয়োটা, হুন্ডাই এবং সিট্রোঁর মতো নির্মাতারাও বিভিন্নভাবে এই মূল্য কাঠামো গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল বৈদ্যুতিক গাড়ির সবচেয়ে বড় বাধাগুলির একটি, অর্থাৎ উচ্চ প্রাথমিক দাম, কমানো। তবে এখনও পর্যন্ত বিএএস নিয়ে বৈদ্যুতিক গাড়ির ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়নি। কারণ কম প্রাথমিক দামের বিনিময়ে দীর্ঘমেয়াদে ব্য়াটারি ব্যবহারের জন্য আলাদা খরচ দিতে হয়।
তবুও মাহিন্দ্রার এক্সইভি ৯ই এবং এক্সইভি ৯এস-এর মতো তুলনামূলক দামি বৈদ্যুতিক গাড়িতে এই ব্যবস্থা চালু হওয়ায় ক্রেতাদের সামনে এখন কম প্রাথমিক খরচে গাড়ি কেনার আরও একটি বিকল্প তৈরি হল।
আরও পড়ুন: ৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে Realme P4S 5G, দাম ৩৪,৯৯৯
আরও পড়ুন: মেড ইন ইন্ডিয়ায় ফের ইতিহাস! দেশের সফল মহাকাশ অভিযানে ব্যবহার হচ্ছে দেশীয় সেমিকন্ডাক্টর চিপ
আরও পড়ুন: DRDO র বড় সিদ্ধান্ত! এবার দেশেই তৈরী হতে চলেছে টর্পেডো সাবমেরিন