স্পোর্টস কোটায় আয়কর দফতরে ৮২ পদে নিয়োগ, কলকাতায় বড় চাকরির সুযোগ
Income Tax Recruitment: ক্রীড়াবিদদের জন্য বড় চাকরির সুযোগ। স্পোর্টস কোটায় ৮২টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আয়কর দফতরের ওয়েস্ট বেঙ্গল ও সিকিম রিজিয়ন। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি-টাস্কিং স্টাফ বা এমটিএস পদে এই নিয়োগ হবে। যোগ্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ আগস্ট ২০২৬ থেকে এবং আবেদন পৌঁছনোর শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।
আয়কর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বীকৃত বিভিন্ন খেলায় কৃতী ক্রীড়াবিদদের এই নিয়োগে সুযোগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতায় সংশ্লিষ্ট দফতরে নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে।
কোন পদে কত নিয়োগ?
এই নিয়োগে মোট ৮২টি পদ রয়েছে।
| পদ | শূন্যপদ | বেতনক্রম |
| ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট | ২৫ | লেভেল-৪, ২৫,৫০০ ‘টাকা থেকে ৮১,১০০ টাকা |
| মাল্টি-টাস্কিং স্টাফ | ৫৭ | লেভেল-১, ১৮,০০০ টাকা থেকে ₹৫৬,৯০০ টাকা |
| মোট | ৮২ |
একজন প্রার্থী চাইলে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট অথবা এমটিএস, দু’টি পদের জন্যই একই আবেদনপত্রে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে পছন্দের ক্রম উল্লেখ করতে হবে। পছন্দের ক্রম উল্লেখ না করলে যোগ্যতা অনুযায়ী প্রথমে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং পরে এমটিএস পদের জন্য বিবেচনা করা হবে।
বয়স কত হতে হবে?
বয়স গণনা করা হবে ১ জুলাই ২০২৬ অনুযায়ী।
- ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট: ১৮ থেকে ২৭ বছর
- এমটিএস: ১৮ থেকে ২৫ বছর
সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ক্ষেত্রে বয়সের ছাড়ও থাকছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য ইউআর/ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর এবং এসসি/এসটি প্রার্থীদের ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় প্রযোজ্য হতে পারে। তবে এর জন্য অন্যান্য যোগ্যতার পাশাপাশি নির্দিষ্ট শংসাপত্র জমা দিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা কী?
ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অথবা সমতুল্য যোগ্যতা থাকতে হবে। অন্যদিকে, মাল্টি-টাস্কিং স্টাফ পদের জন্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা দশম শ্রেণি পাশ হতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ১ জুলাই ২০২৬-এর মধ্যে অর্জন করা থাকতে হবে। এর পরে অর্জিত কোনও যোগ্যতা এই নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না।
কারা স্পোর্টস কোটায় আবেদন করতে পারবেন?
এই নিয়োগ মূলত কৃতী ক্রীড়াবিদদের জন্য। বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করা বিভিন্ন খেলায় জাতীয় বা আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্বকারী খেলোয়াড়রা যোগ্য হতে পারেন। এর পাশাপাশি জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস, খেলো ইন্ডিয়া প্যারা গেমস, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এবং স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত প্রতিযোগিতায় নির্দিষ্ট সাফল্য থাকলেও আবেদন করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের হয়ে স্বীকৃত ইন্টার-ইউনিভার্সিটি প্রতিযোগিতায় প্রতিনিধিত্বকারী খেলোয়াড় এবং জাতীয় পর্যায়ের স্কুল স্পোর্টস প্রতিযোগিতায় রাজ্য স্কুল দলের হয়ে প্রতিনিধিত্বকারীরাও নির্দিষ্ট শর্ত পূরণ করলে যোগ্য হতে পারেন। দাবা খেলোয়াড়দের ক্ষেত্রেও বিশেষ যোগ্যতা রাখা হয়েছে। গ্র্যান্ডমাস্টার বা ইন্টারন্যাশনাল মাস্টার খেতাবধারী এবং নির্দিষ্ট ক্ষেত্রে চেস অলিম্পিয়াডে অংশ নেওয়া খেলোয়াড়রা বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী বিবেচিত হতে পারেন।
কোন সময়ের ক্রীড়া সাফল্য গণ্য হবে?
এই নিয়োগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ক্রীড়া সাফল্যের সময়সীমা। শুধুমাত্র ১ জানুয়ারি ২০২২ থেকে ৩০ জুন ২০২৬-এর মধ্যে অর্জিত ক্রীড়া সাফল্য বা অংশগ্রহণ বিবেচনা করা হবে। অর্থাৎ, কোনও প্রতিযোগিতার সমাপ্তির তারিখ এই সময়সীমার মধ্যে থাকতে হবে।
কাদের অগ্রাধিকার দেওয়া হবে?
নিয়োগের ক্ষেত্রে ক্রীড়া সাফল্যের নির্দিষ্ট অগ্রাধিকার রয়েছে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের। এর পর রয়েছে জাতীয় স্তরে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করে পদক অথবা তৃতীয় স্থান পর্যন্ত অর্জনকারী খেলোয়াড়। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ইন্টার-ইউনিভার্সিটি প্রতিযোগিতা বা খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে পদকজয়ীরাও অগ্রাধিকার পাবেন।
খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস, উইন্টার গেমস এবং প্যারা গেমসে নির্দিষ্ট সাফল্য এবং জাতীয় স্কুল গেমসে রাজ্যের প্রতিনিধিত্ব করে পদকজয়ীদেরও অগ্রাধিকার দেওয়া হবে। যাঁরা এই পর্যায়গুলিতে প্রতিনিধিত্ব করেছেন কিন্তু পদক বা নির্দিষ্ট স্থান অর্জন করতে পারেননি, তাঁদেরও বিজ্ঞপ্তিতে নির্ধারিত ক্রমানুসারে বিবেচনা করা হবে।
ডোপিং নিয়ে কড়া নিয়ম
প্রার্থীদের ডোপিং সংক্রান্ত নিয়মও মেনে চলতে হবে। ডব্লিউএডিএ, নাডা অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ডোপিং পরীক্ষায় প্রার্থীকে ক্লিয়ার থাকতে হবে। কোনও খেলোয়াড় যদি কোনও ক্রীড়া ফেডারেশনের নিয়ম অনুযায়ী শাস্তি বা নিষেধাজ্ঞার আওতায় থাকেন, তাহলে তিনি এই নিয়োগের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। চলমান ডোপিং বা অন্য কোনও অনিয়ম সংক্রান্ত তদন্ত থাকলে সেটিও নির্দিষ্ট ঘোষণাপত্রে জানাতে হবে।
আবেদন কীভাবে করতে হবে?
এই নিয়োগে অফলাইনে আবেদন করতে হবে। আয়কর দফতরের নির্ধারিত আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সংশ্লিষ্ট নথি ও ক্রীড়া সাফল্যের শংসাপত্র সংযুক্ত করতে হবে। আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে। শেষ মুহূর্তের ডাকযোগে দেরির ঝুঁকি এড়াতে আবেদন দ্রুত পাঠানোই নিরাপদ। নিয়োগের পরবর্তী ধাপে নথি যাচাই এবং গ্রাউন্ড/ফিল্ড প্রোফিশিয়েন্সি টেস্ট হতে পারে। এর নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি। বাছাই হওয়া প্রার্থীদের পরবর্তী সময়ে তা জানানো হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬
- আবেদন শুরু: ২৭ আগস্ট ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬
- নথি যাচাই/স্পোর্টস প্রোফিশিয়েন্সি টেস্ট: পরে জানানো হবে
আবেদন করার আগে প্রার্থীদের আয়কর দফতরের অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিজেদের বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং ক্রীড়া সাফল্যের শর্ত মিলিয়ে নেওয়া উচিত। বিশেষ করে কোন প্রতিযোগিতার শংসাপত্র গ্রহণযোগ্য এবং কোন কর্তৃপক্ষের দেওয়া সার্টিফিকেট প্রয়োজন, তা বিজ্ঞপ্তির নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যাচাই করা জরুরি।
Detailed notification are available on the official website, incometaxindia.gov.in.