Microwave Safety: মাইক্রোওয়েভের রেডিয়েশন কি খাবারে ঢুকে ক্ষতিকর করে তোলে? | Is microwave heating safe for health doctor tips
আজকাল শহর থেকে শহরতলি—প্রায় প্রতিটি ঘরেই খাবার ঝটপট গরম করা বা রান্নার কাজে মাইক্রোওয়েভের বহুল ব্যবহার দেখা যায়। বিভিন্ন রেস্তোরাঁ ও স্ন্যাকসের দোকানেও মুহূর্তের মধ্যে খাবার গরম করে পরিবেশন করা হয়। কিন্তু অনেকের মনেই প্রশ্ন থাকে—মাইক্রোওয়েভে খাবার গরম করলে কি স্বাস্থ্যের কোনও ক্ষতি হয়? কিংবা এর তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন কি খাবারের মধ্যে ঢুকে তা ক্ষতিকর করে তোলে? আসুন, মাইক্রোওয়েভের উপকারিতা ও ঝুঁকির দিকগুলো পরিষ্কারভাবে জেনে নেওয়া যাক।
মাইক্রোওয়েভের সবচেয়ে বড় সুবিধা হলো খুব কম সময়ে রান্না সম্পন্ন হওয়া। তাপমাত্রা সঠিকভাবে নির্ধারণ করলে সাধারণ ওভেনের তুলনায় অনেক দ্রুত রান্না হয়। যেমন—যে মুরগির মাংস সাধারণ উনুনে রান্না করতে ১৫-২০ মিনিট সময় লাগে, মাইক্রোওয়েভে তা মাত্র ১১-১২ মিনিটেই সম্ভব।
মাইক্রোওয়েভে রান্নার সময় সাধারণ রান্নার তুলনায় এক-তৃতীয়াংশ বা অর্ধেক জলের প্রয়োজন হয়। এতে জলের অপচয় যেমন কমে, তেমনই জলে দ্রবণীয় (water-soluble) ভিটামিন ও খনিজ পদার্থগুলো নষ্ট হওয়া থেকে বাঁচে।
যেকোনও খাবার যত বেশি সময় ধরে বেশি তাপে রান্না করা হয়, তার সংবেদনশীল ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট তত বেশি নষ্ট হয়। কিন্তু মাইক্রোওয়েভে সময় কম লাগায় খাবারের পুষ্টিগুণ অনেকটা বজায় থাকে।
স্বাস্থ্য সচেতনদের জন্য এটি দারুণ এক বিকল্প। কম তেলে রান্না করা সম্ভব হওয়ায় হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা পেটের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য এটি উপকারী।
সাধারণ গ্যাস ওভেন বা কনভেকশন কুকারের তুলনায় মাইক্রোওয়েভ অনেক কম শক্তি খরচ করে, যা পরিবেশ ও পকেট—দুটোর জন্যই ভালো।
ফ্রিজে মাইক্রোওয়েভ-সেফ বা উপযুক্ত পাত্রে রাখা খাবার বের করে সরাসরি সেই পাত্রেই গরম করে নেওয়া যায়। আলাদা করে পাত্র বদলানোর ঝক্কি থাকে না।
মাইক্রোওয়েভের একটি বড় সমস্যা হল এটি খাবারের সব অংশে সমানভাবে তাপ পৌঁছাতে পারে না। ফলে খাবারের কিছু অংশ বেশি গরম হলেও ভেতরের কিছু অংশ ঠান্ডা থেকে যেতে পারে, যা ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণ হতে পারে।
সঠিক তাপমাত্রা এবং সঠিক পাত্র (যেমন মাইক্রোওয়েভ-সেফ কাচ বা সিরামিক) ব্যবহার করলে মাইক্রোওয়েভ খাবার গরম করার একটি অত্যন্ত সুবিধাজনক ও নিরাপদ মাধ্যম। এতে খাবারের রেডিয়েশন ছড়ানোর ভয় ভিত্তিহীন, বরং কম সময়ে ও কম তেলে রান্না করার জন্য এটি স্বাস্থ্যের দিক থেকে অনেক ক্ষেত্রেই সুবিধাজনক।