সনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging’ নিয়ে বিতর্ক, ছাপবে না বলে জানাল পেঙ্গুইন ইন্ডিয়া - 24 Ghanta Bangla News
Home

সনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging’ নিয়ে বিতর্ক, ছাপবে না বলে জানাল পেঙ্গুইন ইন্ডিয়া

Spread the love

কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর বহুল প্রতীক্ষিত স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। বইটির ভারতীয় সংস্করণ প্রকাশের দায়িত্ব পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়া (PRHI)-এর নেওয়ার কথা থাকলেও, সে সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তাঁরা। সংস্থাটি এখন স্পষ্ট করে জানিয়েছে যে, তারা ভারতে সনিয়া গান্ধীর ‘বিলংঙ্গিং: আ জার্নি অফ লাভ’ বইটির প্রকাশক নয়। একই সঙ্গে বিবৃতি দিয়ে সংস্থা জানিয়েছে, সনিয়া গান্ধী প্রকাশকের চাহিদা মতো কিছু ‘এডিটোরিয়াল’ পরিবর্তন করার বিষয়টি মেনে না নেওয়ায় পেঙ্গুইন বইটি প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে।

কী বলল পেঙ্গুইন?

শুক্রবার এক বিবৃতিতে পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়া জানিয়েছে, ‘Belonging’ ভারতে তারা প্রকাশ করছে না। পেঙ্গুইনের বক্তব্য, তারা বইটি প্রকাশ করতে আগ্রহী ছিল। একজন প্রকাশক হিসেবে কোনও বই প্রকাশের আগে তথ্য যাচাই করা এবং লেখককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া তাদের স্বাভাবিক দায়িত্বের মধ্যেই পড়ে। বইটির পাণ্ডুলিপির কিছু অংশে সম্পাদনা ও কিছু বিষয় বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়া। সনিয়া গান্ধী সেই পরিবর্তনে সম্মত হননি। এর পরেই ভারতে বইটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেয় পেঙ্গুইন। তবে সনিয়া গান্ধীর সঙ্গে বইটি নিয়ে কী ধরনের আলোচনা হয়েছিল, সেই বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হয়নি সংস্থাটি। তাদের বক্তব্য, সংশ্লিষ্ট আলোচনা ছিল গোপনীয়।

কবে প্রকাশিত হবে সনিয়ার আত্মজীবনী?

সনিয়া গান্ধীর স্মৃতিকথাটি আন্তর্জাতিক ভাবে ১০ নভেম্বর ২০২৬ প্রকাশিত হওয়ার কথা। বইটির আন্তর্জাতিক প্রকাশনার দায়িত্বে রয়েছে মার্কিন প্রকাশনা সংস্থা আলফ্রেড এ নফ, যা Penguin Random House-এরই একটি ইমপ্রিন্ট। প্রথম দফায় প্রায় ১ লক্ষ কপি ছাপার পরিকল্পনার কথাও জানিয়েছে তাঁরা।

একটি সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ভারতে পেঙ্গুইন প্রতিযোগিতা থেকে সরে যাওয়ায়, বেশ কয়েকটি ভারতীয় প্রকাশক এখন বইটির স্বত্ব পাওয়ার দৌড়ে নেমেছে। HarperCollins-এর সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পথে বলেও খবর। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

কী থাকবে ‘Belonging’-এ?

‘Belonging: A Journey of Love’ মূলত সনিয়া গান্ধীর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের স্মৃতিকথা। ইতালির একটি ছোট শহরে তাঁর শৈশব থেকে ভারতে আসা, রাজীব গান্ধীর সঙ্গে তাঁর বিয়ে এবং নেহরু-গান্ধী পরিবারের অংশ হয়ে ওঠার অভিজ্ঞতা— সবই বইটিতে উঠে আসার কথা।

এর পাশাপাশি ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী এবং রাজীব গান্ধীর মৃত্যু, রাজনীতিতে সনিয়া গান্ধীর অভিষেক এবং ২০০৪ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের মতো গুরুত্বপূর্ণ অধ্যায়ও বইটিতে থাকার সম্ভাবনা রয়েছে।

বইটি সম্পর্কে সনিয়া গান্ধী আগে জানিয়েছিলেন, তাঁর পরিবারকে নিয়ে বহু লেখা হলেও তাঁদের সিদ্ধান্ত, কাজ এবং মানবিক দুর্বলতার অন্তর্নিহিত কারণ নিয়ে খুব কম কথাই সামনে এসেছে। নিজের ছয় দশকের অভিজ্ঞতার মাধ্যমে ভারতের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনেরও একটি ব্যক্তিগত ছবি তুলে ধরতে চেয়েছেন তিনি।

ছেলের আবেগঘন বার্তার পরেই বিতর্ক

সনিয়া গান্ধীর বই নিয়ে এই বিতর্কের কয়েক দিন আগেই তাঁর ছেলে রাহুল গান্ধী বাবার ৮২তম জন্মবার্ষিকীতে তাঁকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছিলেন। রাজীব গান্ধীর মৃত্যুর পরে মায়ের কঠিন সময়ের কথা উল্লেখ করে রাহুল বলেছিলেন, তাঁর জীবনে কী ঘটেছে তা তিনি এবং প্রিয়াঙ্কা গান্ধীই সবচেয়ে ভালো জানেন। সনিয়া নিজের গল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়ায় তিনি গর্বিত বলেও জানিয়েছিলেন।

ফলে প্রকাশের আগেই সনিয়া গান্ধীর আত্মজীবনী ঘিরে রাজনৈতিক মহল ও প্রকাশনা জগতে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। পেঙ্গুইনের সাম্প্রতিক বিবৃতির পর এখন নজর, শেষ পর্যন্ত ভারতে কোন প্রকাশনা সংস্থার হাত ধরে ‘Belonging: A Journey of Love’ পাঠকের হাতে পৌঁছয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *