মাঝপথে সভা থামিয়ে মঞ্চ থেকেই যানজট সামলালেন মমতা! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ - 24 Ghanta Bangla News
Home

মাঝপথে সভা থামিয়ে মঞ্চ থেকেই যানজট সামলালেন মমতা! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ

Spread the love

কলকাতা: আদালতের কড়া নির্দেশ ছিল, রাস্তার একপাশেই করতে হবে সভা। অন্য লেন দিয়ে স্বাভাবিকভাবে চলবে যান চলাচল। কিন্তু বাস্তবে বিপুল ভিড়ের চাপে ক্যাথিড্রাল রোডে তৈরি…

কলকাতা: আদালতের কড়া নির্দেশ ছিল, রাস্তার একপাশেই করতে হবে সভা। অন্য লেন দিয়ে স্বাভাবিকভাবে চলবে যান চলাচল। কিন্তু বাস্তবে বিপুল ভিড়ের চাপে ক্যাথিড্রাল রোডে তৈরি হল প্রবল যানজট। আর সেই পরিস্থিতি সামাল দিতে খোদ মঞ্চ থেকে মাইক হাতে ট্র্যাফিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! মাঝপথেই সভা থামিয়ে দলীয় কর্মী-সমর্থকদের রাস্তা ছেড়ে দেওয়ার কড়া নির্দেশ দিলেন তিনি। একইসঙ্গে অব্যবস্থার দায় পুলিশের ঘাড়ে চাপিয়ে তোপ দাগলেন, “চক্রান্ত করে আমাদের সভা বানচালের চেষ্টা হচ্ছে।”

শুক্রবার দুপুরে বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্রপরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভার আয়োজন করেছিল কালীঘাট তৃণমূল। এক এক করে নেতানেত্রীরা বক্তৃতা দিচ্ছিলেন। পুলিশ সূত্রে খবর, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময়ই সভামঞ্চে এসে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আসার কিছুক্ষণের মধ্যেই সভামঞ্চের পাশের লেনে কর্মী-সমর্থকদের ভিড় উপচে পড়ে এবং ব্যাপক যানজট তৈরি হয়।

পরিস্থিতি বেগতিক দেখে পুলিশের তরফে বিষয়টি সভাউদ্যোক্তাদের জানানো হয়। এরপরই স্বতঃপ্রণোদিত হয়ে পরিস্থিতি নিজের হাতে তুলে নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মাইক হাতে নিয়ে মঞ্চ থেকেই সরাসরি কর্মী-সমর্থকদের পাশের লেন থেকে সরে গিয়ে যানজট মুক্ত করার নির্দেশ দেন তিনি।

দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে কড়া বার্তায় মমতা বলেন, “আদালত যা নির্দেশ দিয়েছে, সেই মতোই হবে। আমরা কোনও গাড়ি আটকাব না। আমাদের কর্মী-সমর্থকেরাও যেন কোনও গাড়ি না আটকান।”

এরপরই মেজাজ হারিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূলনেত্রী। সভাস্থলে এমন চূড়ান্ত অব্যবস্থার জন্য পুলিশকেই কাঠগড়ায় তুলে তিনি অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে এই যানজট তৈরি হতে দেওয়া হয়েছে। তাঁর কথায়, “আমাদের সভা আটকানোর জন্য নানা ভাবে চেষ্টা হচ্ছে। চক্রান্ত করে এই সভা বানচালের চেষ্টা করা হয়েছে।”

রাজনৈতিক মহলের মতে, আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে দলের ছাত্র-যুবদের কড়া বার্তা দেওয়ার পাশাপাশি, যানজটের দায় পুলিশের ওপর চাপিয়ে রাজনৈতিক কৌশলই অবলম্বন করলেন তৃণমূলনেত্রী।

১৫ সেকেন্ডেই গুঁড়িয়ে যাবে শত্রুর ট্যাঙ্ক! ভারতের হাতে আসছে আমেরিকার মারণাস্ত্র ‘জ্যাভলিন’

রাজ্যসরকারী কর্মচারীদের জন্য এককালীন অনুদান ‘কম্পোজিট ট্রান্সফার অ্যান্ড প্যাকিং গ্রান্ট’ ঘোষণা শুভেন্দু অধিকারীর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *