জলবায়ু পরিবর্তনের জেরে আরও বিপজ্জনক হয়ে উঠছে হিমালয়
বিশ্বজুড়ে এই বিপদের ইঙ্গিত আগেও দিয়েছিলেন বিজ্ঞানীরা। ২০২৩ সালে UN-এর শীর্ষস্থানীয় একটি কমিটি জানিয়েছিল, উষ্ণায়নের কারণে তুন্দ্রা এলাকা থেকে পার্বত্য হিমবাহ- সব জায়গায় স্থিতিশীলতা কমছে। পরিবেশ বিজ্ঞানীরা বার বার আশঙ্কা প্রকাশ করেছেন, বিশ্বের তাপমাত্রা যত বাড়বে ততই প্রভাব বাড়বে এমন দুর্যোগের।
The Guardian-এর প্রতিবেদনে বলা হয়েছে, হিমালয় অঞ্চল বিশ্বের গড় উষ্ণতা বৃদ্ধির তুলনায় প্রায় দ্বিগুণ দ্রুত উষ্ণ হচ্ছে। ফলে বিপদ বাড়ছে এই এলাকায়। নেপালের ICIMOD-এর অন্যতম রিপোর্ট HKH Glacier Outlook 2026-এ স্পষ্ট বলা হয়েছে, ২০০০ সালের পর থেকে হিমবাহগুলির আয়তন হ্রাসের গতি অনেক বেড়ে গিয়েছে। হিমালয়ের পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে যে, সেটা আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ৩৮টি হিমবাহের তথ্য পরীক্ষা করে এই রিপোর্ট তৈরি করেছে ICIMOD। তবে এটাও বলা হয়েছে যে, ৩৮টির মধ্যে ৭টি হিমবাহের ক্ষেত্রে গ্লোবাল বেঞ্চমার্ক ব্যবহার করে নজরদারি করা হয়। এমন বহু হিমবাহ রয়েছে, যেগুলির ঠিকমতো নজরদারির আওতায় পড়ে না বলেও দাবি করা হয়েছে একাধিক প্রতিবেদনে। রাষ্ট্রপুঞ্জের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, মাত্র ৩০ বছরের কিছু বেশি সময়ে নেপালের পাহাড়গুলি তাদের প্রায় এক-তৃতীয়াংশ বরফ হারিয়েছে।