মেগা ট্যাক্সি ড্রাইভারস মিট মারুতির, বিপুল সংখ্যক গাড়ি বুকিং
এই সময়: বিনামূল্যে ট্যাক্সি চালকদের স্বাস্থ্য পরীক্ষা, আই চেকআপ এবং তাঁদের গাড়ি বুকিং-এর জন্য মেগা ট্যাক্সি ড্রাইভারস’ মিট-এর আয়োজন করলেন দেশের অন্যতম প্রধান গাড়ি উৎপাদনকারী সংস্থা মারুতি সুজ়ুকি ইন্ডিয়া লিমিটেড (এমএসআইএল) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার শহরের একটি ব্যাঙ্কোয়েট হলে ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আড়াইশোরও বেশি ট্যাক্সি চালক। যেখানে ট্যাক্সি সেগমেন্ট-এর বিপুল সংখ্যক গাড়িও বুক করা হয়।
ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন, ক্যালকাটা ট্যাক্সি অ্যাসোসিয়েশন, অনলাইন অ্যাপ ক্যাবস অপারেটরস গিল্ড, প্রোগ্রেসিভ ট্যাক্সি ইউনিয়ন–এর সদস্য এবং মারুতি সুজ়ুকি ইন্ডিয়ার ডিলাররা।
এ ছাড়াও গাড়ি কেনার জন্য যাতে স্পট ফিনান্স-এর ব্যবস্থা করা যায়, সেই জন্য এইচডিএফসি ব্যাঙ্ক, চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনান্স কোম্পানি-সহ একাধিক সংস্থার আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
ট্যাক্সি চালকদের বড় অংশ জানিয়েছেন, এমএসআইএল-এর ডিজ়ায়ার ট্যুর এস এবং ওয়াগনআর ট্যুর এস সিএনজি তাঁদের পছন্দের তালিকায় রয়েছে। গাড়ি দু’টিতে মাইলেজ খুব ভালো মিলছে, যা তাঁদের লাভের অঙ্কও বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হয়েছে।
এ ছাড়াও মারুতি সুজ়ুকির সার্ভিস নেটওয়ার্কেরও প্রশংসা করেন তাঁরা। অনুষ্ঠানে এমএসআইএল-এর ইস্ট-১ রিজিওনাল ম্যানেজার মিতুল শাহ বলেন, ‘ট্যাক্সি সেগমেন্ট-এর গাড়িগুলির স্পেসিফিকেশন চালকদের লাভের অঙ্ক বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হয়েছে।’