সোমবার কখন মুখোমুখি হচ্ছে মোহন-ইস্ট?
সায়ন সেনগুপ্ত, কলকাতা: মরসুমের শুরু থেকেই জমজমাট হয়ে উঠেছে দুই প্রধানের মহারণ (Kolkata Derby)। এবারের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের প্রথম অর্থাৎ উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল কলকাতা…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: মরসুমের শুরু থেকেই জমজমাট হয়ে উঠেছে দুই প্রধানের মহারণ (Kolkata Derby)। এবারের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের প্রথম অর্থাৎ উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। সেই ম্যাচে উভয় দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত বাজিমাত করেছিল মোহনবাগান। ভারতীয় তারকা সাহাল আব্দুল সামাদের করা একমাত্র গোলে বাজিমাত করেছিল মেরিনার্সরা। যেটা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল দলের সকল ফুটবলারদের।
সেই জয়ের প্রভাব দেখা গিয়েছিল টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে। যদিও শেষ পর্যন্ত ফের একে অপরের মুখোমুখি হয়েছিল দুই প্রধান। যেখানে বিরাট বড় ব্যবধানে ডার্বি জয় করে সিজনের প্রথম ট্রফি নিশ্চিত করে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। এই জয় এক কথায় বিরাট বড় পাওনা সমর্থকদের কাছে। তবে এবার ফের মুখোমুখি হতে চলেছে মোহন-ইস্ট। বঙ্গীয় ফুটবল ফেডারেশনের ঘোষণা অনুযায়ী আগামী সোমবার অর্থাৎ ৭ই সেপ্টেম্বর কলকাতা ফুটবল লিগের ম্যাচে লড়াই করতে চলেছে ময়দানের এই দুই শক্তিশালী দল। একদিকে যেমন ডুরান্ড জয়ের পর এই ডার্বি জিততে মরিয়া ইস্টবেঙ্গল দলের ফুটবলাররা অন্যদিকে ঠিক তেমনভাবেই বদলার ম্যাচ হিসেবে দেখছে বাগান সমর্থকরা।
একটা সময় এই হাইভোল্টেজ ডার্বি আয়োজন ঘিরে ব্যাপক জটিলতা তৈরি হলেও শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে দিনক্ষণ এবং ম্যাচের ভেন্যু। যারফলে আগামী সোমবার বারাসাত স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে কলকাতা ফুটবল লিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচ। একটা সময় সন্ধ্যার দিকে এই ম্যাচ আয়োজনের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত বিকেল পাঁচটা থেকে ম্যাচ শুরু করার সিদ্ধান্ত জানিয়ে দেয় আইএফএ। এখন এই ম্যাচের দিকেই নজর থাকবে প্রত্যেকের।