বকখালির হোটেলে প্রশাসনের সারপ্রাইজ ভিজিট, ফায়ার সেফটি নিয়ে কড়া বার্তা
তারাপীঠ এবং কলকাতার মির্জ়া গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনার পরেই সতর্ক প্রশাসন। খতিয়ে দেখা হচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকার হোটেলের সুরক্ষা ব্যবস্থা। ইতিমধ্যেই একাধিক অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে তারাপীঠ, মেদিনীপুর-সহ কয়েকটি এলাকার একাধিক হোটেল। আর এ বার অভিযান চালানো হলো দক্ষিণ ২৪ পরগনার জনপ্রিয় পর্যটনকেন্দ্র বকখালিতে। সেখান হোটেলগুলিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে চালানো হয় ‘সারপ্রাইজ ভিজিট’। এরই পাশাপাশি মঙ্গলবার অভিযান চালানো হয় বাঁকুড়ার জয়রামবাটি এলাকার একাধিক হোটেলেও। হাওড়া শহরেও একাধিক হোটেলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নেই বলে অভিযোগ। ওই হোটেলগুলিতে দমকলের তরফে নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। নোটিস পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে সংশ্লিষ্ট হোটেলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।