Kargil War: কার্গিল যুদ্ধে সেনাদের সঙ্গে ৬০ দিন কাটিয়ে ছিলেন নানা পটেকর! জানেন কেন? | Nana patekar 1999 kargil war indian army story - 24 Ghanta Bangla News
Home

Kargil War: কার্গিল যুদ্ধে সেনাদের সঙ্গে ৬০ দিন কাটিয়ে ছিলেন নানা পটেকর! জানেন কেন? | Nana patekar 1999 kargil war indian army story

Spread the love

ভারতীয় সেনাবাহিনীর প্রতি নানা পাটেকরের সম্মান ও প্রেমের কথা বহুবারই নানা সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন । তবে সেনার প্রতি তাঁর অনুরাগ কেবল দূর থেকে শ্রদ্ধা জানানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ চলাকালীন ভারতীয় জওয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রায় ৬০ দিন কাটিয়েছিলেন এই প্রবীণ অভিনেতা। সম্প্রতি ‘দ্য ললন্টপ’-কে (The Lallantop) দেওয়া এক সাক্ষাৎকারে সেই স্মৃতি রোমন্থন করে নানা পাটেকর জানান, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের কাছে বিশেষ অনুমতি নিয়ে তিনি সেনাবাহিনীর ‘কুইক রিয়াকশন টিম’ (QRT)-এর অংশ হয়ে উঠেছিলেন।

নানা জানান, কারগিল যুদ্ধের সময় সীমান্তে গিয়ে ভারতীয় সেনাদের পাশে দাঁড়ানোর তীব্র ইচ্ছে জেগেছিল তাঁর মনে। সেই কারণে তিনি সরাসরি যোগাযোগ করেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের সঙ্গে। অবশ্য প্রথম কথোপকথনেই প্রতিরক্ষামন্ত্রী তাঁকে জানিয়ে দিয়েছিলেন যে, একজন সাধারণ নাগরিক চাইলেই এভাবে যুদ্ধের ময়দানে সেনার দলে যোগ দিতে পারেন না।

তবে হার মানেননি নানা পাটেকর। তিনি প্রতিরক্ষামন্ত্রীকে মনে করিয়ে দেন যে, তাঁর ইতিমধ্যেই কমান্ডো প্রশিক্ষণ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে এবং তিনি আগ্নেয়াস্ত্র চালাতেও সিদ্ধহস্ত। শুধু তা-ই নয়, তিনি যে জাতীয় স্তরে রাইফেল শুটিং প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করেছেন এবং ব্রোঞ্জ পদকও জিতেছেন, সে কথাও ফার্নান্ডেজকে জানান নানা।

পুরনো সেই স্মৃতির ঝাঁপি খুলে নানা পাটেকর বলেন, “আমি খুব ভালো লক্ষ্যভেদ করতে পারি। জাতীয় স্তরের রাইফেল শুটিং প্রতিযোগিতায় আমি অংশ নিয়েছি।” নিশানা যে তাঁর কতটা নির্ভুল এবং সেনাকে সাহায্য করার জন্য তিনি কতটা উপযুক্ত, নিজের সেই দক্ষতার কথা তুলে ধরেই অবশেষে সীমান্ত অভিযানে যাওয়ার ছাড়পত্র আদায় করে নিয়েছিলেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *