অভাবের সংসারে সব প্রতিকূলতা অতিক্রম করে নিটে সফল জিশান
পুরুলিয়া শহরের ৯ নম্বর ওয়ার্ডের রানিবাঁধ এলাকার বাসিন্দা জিশানের বাবা ইকবাল হোসেন রিকশা চালান। আক্ষরিক অর্থে সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর মতো দশা। জিশান বুঝে নিয়েছিলেন, এই সঙ্কটকে সঙ্গী করেই এগিয়ে যেতে হবে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। এমন কিছু করতে হবে, যাতে বাবার এই উদয়াস্ত পরিশ্রম বিফলে না–যায়। সেই মন্ত্রে বিশ্বাস রেখেই ভবিষতে চিকিৎসক হওয়ার অভিযান শুরু হয় তাঁর।
জিশানের বাবা বলছেন, ‘ছেলের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। লেখাপড়ার ক্ষেত্রে যাতে টাকাপয়সা অন্তরায় না–হয়ে যায়, তার জন্য আমি এবং বড় ছেলে যথাসম্ভব চেষ্টা করি। তবে জিশান ছোটবেলা থেকেই নিজের লক্ষ্য স্থির করে নিয়েছিল। বরাবর ও লেখাপড়ায় ভালো।’
বর্তমানে রিকশার পরিবর্তে টোটো চালিয়ে সংসার টানছেন ইকবাল। বললেন, ‘আগামী দিনে ছেলে এমবিবিএস এবং এমডি কোর্স সম্পূর্ণ করে করে ডাক্তার হোক। ওর স্বপ্ন যাতে পূর্ণতা পায়, তার জন্য যত পরিশ্রম করতে হয়, আমি তা চালিয়ে যাব। মনেপ্রাণে চাই ছেলে গরিব মানুষের সেবা করুক।’