যাদবপুরের সুরক্ষায় আরও প্রাক্তন সেনানী, বডিক্যাম, ভাবনায় পুলিশ আউটপোস্ট, কেন্দ্রীয় বাহিনীও
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের কর্তাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় সরকারি আধিকারিকদের একাংশ পুলিশ আউটপোস্ট তৈরির পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করারও পরামর্শ দিয়েছেন। যদিও এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য কিংবা প্রশাসনের কারও প্রতিক্রিয়া মেলেনি। তবে এক সরকারি অফিসারের কথায়, ‘পর পর অনভিপ্রেত ঘটনা ঘটে চলেছে। কখনও র্যাগিং ও যৌন হেনস্থার জেরে হস্টেলে ছাত্রের মৃত্যু, কখনও ক্যাম্পাসে ছাত্রীর মৃত্যুর ঘটনা, আবার কখনও রাজনৈতিক সংঘর্ষ। এ সবের ফলে নিরাপত্তার বিষয়টি আর শুধুই বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দির মধ্যে আটকে রাখা যাচ্ছে না।’ যাদবপুরের ক্যাম্পাসের বহু ঘটনার রেশ এসে পড়ছে বাইরেও। তাতে জনজীবনে যেমন প্রভাব পড়ছে, তেমনই বাড়ছে আইনশৃঙ্খলার সমস্যা। বুধবার রাতের ঘটনার পরে বৃহস্পতিবার ফের গোলমাল হয় এবং তার জেরে লাগোয়া এলাকায় যানবাহন পেতে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে, ভুগতে হয় যানজটে। আবার, শনিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ‘আমরা যাদবপুরের ভিতরে ও বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই।’ তার পরেই, কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথ পদক্ষেপ করবে কি না, সে ব্যাপারে জল্পনা তৈরি হয়েছে।