বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জন্ম, বৃষ্টির ঘাটতি কি মিটবে?
এই সময়: বর্ষার ভাঁড়ারে এখনও ঘাটতি। তার মধ্যেই ফের বঙ্গোপসাগরে তৈরি হলো মরশুমের চতুর্থ নিম্নচাপটি।
শনিবার ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছিল, রবিবার দুপুরের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছাকাছি নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। রবিবার সকালে সেই নিম্নচাপটি তৈরি হয়েছে বলে নিশ্চিত করেছে আলিপুর হাওয়া অফিস। এর ফলে পূর্ব ও মধ্য ভারতের বর্ষা ফের সক্রিয় হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। ওই নিম্নচাপটি আগামী দু’দিনে ওডিশা ও ছত্তিসগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নামাতে চলেছে বলে আবহাওয়া দপ্তরের দাবি। এই নিম্নচাপটির প্রভাবে আজ সোমবার ও মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির (৭–১১ সেমি) পূর্বাভাস দেওয়া হয়েছে।