বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে রোবোটিক্স ও ড্রোন প্রযুক্তি নিয়ে দু’দিনের কর্মশালা
হাতে-কলমে প্রযুক্তি প্রশিক্ষণ
এই অনুষ্ঠানের প্রথম দিনে ড্রোন ও UAV-এর অ্যারোডায়নামিক্স এবং ড্রোনের বিভিন্ন অংশ সংযোজন-সহ একাধিক প্রযুক্তি শেখানো হয়। পাশাপাশি জানা গিয়েছে দ্বিতীয় দিনে থাকবে ড্রোন ফ্লাইং সিমুলেশন, ফ্লাইট কন্ট্রোলার ক্যালিব্রেশন ও টিউনিং, থার্মাল ইমেজিং-সহ আরও একগুচ্ছ কর্মসূচি। শুধু তাই নয়, রোবোটিক্সে সেন্সর, রোবট অ্যাসেম্বলিং এবং জেসচার-কন্ট্রোলড রোবট তৈরির প্রশিক্ষণও থাকবে।
কতজন অংশ নেবেন?
জানা গিয়েছে , এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জন ছাত্র, গবেষক ও শিক্ষক অংশ নিয়েছেন। অনুষ্ঠানটি মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের এগজ়িকিউটিভ ডিরেক্টরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলেও উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক মধুমঙ্গল পাল, অধ্যাপক অজয় মিশ্র, অধ্যাপক কেশবচন্দ্র মণ্ডল ও অধ্যাপক বিশ্বপতি জানা।
আইআইটি খড়্গপুরের অধ্যাপক দিলীপকুমার প্রতিহার, অনুপ পারালি-সহ শিক্ষাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন বলে জানা গিয়েছে। এই ধরনের প্রযুক্তি শিখে রাখলে তা ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন অধ্যাপকরা।