চিনির মূল্যবৃদ্ধিতে দাম বেড়েছে চায়েরও, কাপ থাকলেও উধাও তুফান
বাবলু সাঁতরা, চন্দ্রকোণা
চায়ের কাপে তুফান ওঠে। কিন্তু, এখন তুফান তো দূরের কথা, কাপে চুমুক দিলেই ছেঁকা খেতে হচ্ছে। কারণ, চিনির মূল্যবৃদ্ধি। আর তারই সূত্র ধরে বেড়েছে চায়ের দামও। ক’দিন আগেও এক কাপ চায়ের দাম ছিল পাঁচ টাকা। এ বার বেড়ে দাঁড়িয়েছে সাত টাকায়। দোকানে দোকানে সাঁটিয়ে দেওয়া হয়েছে নতুন রেট চার্টও। চন্দ্রকোণা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের ঠাকুরবাড়ি বাজার এলাকায় চা ব্যবসায়ী ইউনিয়নের নামে প্রতিটি চায়ের দোকানেই এখন শোভা পাচ্ছে সেই মূল্যবৃদ্ধির নোটিস।