ISF Party Office: ভাঙড়ে পুড়িয়ে দেওয়া হল ISF পার্টি অফিস | ISF party office burnt down in Bhangar
ভাঙড়: শনিবার রাতে আক্রান্ত হন আরাবুল ইসলাম। তাঁর গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। ঘটনার সময় গাড়িতেই ছিলেন প্রাক্তন আইএসএফ নেতা। তবে, তাঁর কোনও আঘাত লাগেনি। এই ঘটনার পিছনে আইএসএফ-এর মদত রয়েছে বলে অভিযোগ করেছেন আরাবুল। আর রবিবার সকাল হতেই তপ্ত ভাঙড়। এবার পুড়ল আইএসএফ-এর পার্টি অফিস।
রাতের অন্ধকারে আইএসএফের (ISF) দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ভাঙড় থানার শাকসর এলাকায়। অভিযোগ, গভীর রাতে আইএসএফের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। কিন্তু কারা এই আগুন ধরাল তা জানা যায়নি।
এ দিকে, পার্টি অফিস পুড়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন আইএসএফ কর্মী-সমর্থকরা। অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। অন্যদিকে, আজ ওই এলাকাতেই বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধনের কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে ভাঙড় থানার পুলিশ। কার্যালয়ে আগুন লাগার ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, শনিবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানার উড়িয়াপাড়া এলাকা দিয়ে বাড়ি যাচ্ছিলেন আরাবুল। সেইসময় তাঁর গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, গাড়ি লক্ষ্য করে দু’টি বোমা ও ইট ছোড়া হয়। ইটের আঘাতে গাড়ির কাঁচ ভেঙে যায়। সঙ্গে থাকা বাইক আরোহীরাও বোমার আওয়াজ পেয়েছেন বলে দাবি আরাবুলের। তবে, অল্পের জোরে বেঁচে গিয়েছেন প্রাক্তন বিধায়ক। সম্প্রতি, আইএসএফ ছেড়েছেন আরাবুল। ছাব্বিশের বিধানসভা ভোটে তিনি ক্যানিং পূর্ব থেকে লড়াই করেছিলেন, তবে পরাজিত হন। এরপর ক্ষমতার পটপরিবর্তন হয়। তারপর আরাবুল আইএসএফ ছাড়েন। আর আইএসএফ ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই আক্রান্ত তিনি।