Govinda legal notice: সাবধান! গোবিন্দাকে নিয়ে নোংরা ভিডিয়ো বানালেই দিতে হবে ১০০ কোটি | Govinda Issues Legal Notice, Threatens Rs 100 Crore Defamation Over Fake Content Amid Sunita Ahuja Divorce Rumours
বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ এবার রীতিমতো অ্যাকশন মুডে। ব্যক্তিগত জীবন নিয়ে অনবরত ভুয়ো খবর, এআই দিয়ে তৈরি বিকৃত ছবি-ভিডিয়ো আর ডিভোর্স সংক্রান্ত চর্চায় এবার ধৈর্যের বাঁধ ভাঙল গোবিন্দার। সাফ জানিয়ে দিলেন, তাঁর বা তাঁর পরিবারকে জড়িয়ে মিথ্যে খবর রটালে আর রেয়াত করা হবে না। সরাসরি ঠুকে দেওয়া হবে ১০০ কোটি টাকার মানহানির মামলা।
সম্প্রতি গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার বৈবাহিক সম্পর্ক নিয়ে নেটপাড়ায় নানা গুঞ্জন শুরু হয়েছে। রাখি সাওয়ান্তের সঙ্গে সুনীতার একটি কথোপকথন সামনে আসার পর থেকেই জল্পনা তুঙ্গে ওঠে। সেখানে দাবি করা হয়েছিল, অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে নাকি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গোবিন্দা, আর সেই কারণেই সুনীতা নাকি তাঁর ডিভোর্সের মামলা প্রত্যাহার করে নিয়েছিলেন। যদিও গোবিন্দার ম্যানেজার শশী সিনহা এই দাবি সরাসরি উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, দ্বিতীয় বিয়ের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং সুনীতাই গোবিন্দার একমাত্র স্ত্রী।
কিন্তু জল ততক্ষণে অনেক দূর গড়িয়ে গিয়েছে। ইউটিউব থেকে সমাজমাধ্যম, সব জায়গাতেই শুরু হয়ে গিয়েছে রটনা আর ডিপফেক ভিডিয়োর ছড়াছড়ি। এই আবহেই কড়া আইনি পদক্ষেপের পথে হাঁটলেন অভিনেতা।
গোবিন্দার তরফে জারি করা আইনি নোটিসে স্পষ্ট বলা হয়েছে, অভিনেতার অনুমতি ছাড়া তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর বা পারিবারিক কোনও বিষয়কে বিকৃত করে ডিজিটাল মাধ্যমে প্রচার করা যাবে না। বিশেষ করে ডিপফেক, ভুয়ো অডিয়ো রেকর্ডিং বা এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট যারা বানাচ্ছে কিংবা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং তথ্যপ্রযুক্তি আইন (IT Act)-এর আওতায় দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করা হবে।
আইনি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সম্মানহানি করার চেষ্টা হলে দোষীদের কাছ থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হতে পারে। প্রয়োজনে অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট, সম্পত্তি লেনদেন এমনকি পাসপোর্টের ওপর স্থগিতাদেশ চেয়েও আদালতের দ্বারস্থ হবেন তিনি। সাইবার দুনিয়ায় অভিনেতার নাম ভাঙিয়ে যারা সস্তার ভিউ কামানোর চেষ্টা করছিল, তাদের উদ্দেশে গোবিন্দার এই কড়া পদক্ষেপ কার্যত এক চরম হুঁশিয়ারি।