রাজনীতিবিদেই ভরসা? মন্ত্রী, সাংসদ–বিধায়করাই ফের ২৪৭ কলেজে জিবির সভাপতি - 24 Ghanta Bangla News
Home

রাজনীতিবিদেই ভরসা? মন্ত্রী, সাংসদ–বিধায়করাই ফের ২৪৭ কলেজে জিবির সভাপতি

Spread the love

এই সময়: রাজ্যে পালাবদলের মাসতিনেক পর ২৪৭টি সরকারি সাহায্যপ্রাপ্ত কল‍েজের পরিচালন সমিতির (জিবি) সভাপতি মনোনীত করল উচ্চশিক্ষা দপ্তর। দার্জিলিং থেকে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়ার মহাত্মা গান্ধী কলেজ থেকে উত্তর ২৪ পরগনার ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ—সর্বত্রই কলেজ পরিচালন সমিতির সভাপতি পদে রাজ্য ও কেন্দ্রের মন্ত্রী, বিজেপির বিধায়ক ও সাংসদের ছড়াছড়ি।উচ্চশিক্ষা মহলে চর্চা শুরু হয়েছে, কলেজ–বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসনে বিগত তৃণমূল জমানার পথেই কি হাঁটতে চলেছে বিজেপি সরকার?

উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় শনিবার বলেন, ‘স্থানীয় বিধায়ক ও সাংসদরা পদাধিকার বলে কলেজ পরিচালন সমিতির সদস্য হন। তাই আপাতত ২৪৭টি কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে এক্স অফিসিও সদস্য হিসেবে গ্র্যাজুয়েট বিধায়ক ও সাংসদদেরই মনোনীত করা হয়েছে। এখনও দুশোরও বেশি কলেজে সভাপতি নিয়োগ বাকি। সেখানে আমরা শিক্ষাবিদদের নিয়োগের কথা ভাবব।’ তাঁর দাবি, ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে আমরা রাজনীতির আখড়া করতে দেব না।’

তাঁর এই দাবি প্রসঙ্গে পশ্চিমবঙ্গ কলেজ–বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ওয়েবকুটা) সভাপতি শুভোদয় দাশগুপ্তর প্রশ্ন, ‘রাজ্যে পালাবদলের পরে স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতিবিদরা থাকবেন না। কিন্তু এ দিন যে সব বিধায়ক ও সাংসদরা জিবি প্রেসিডেন্ট হয়েছেন, প্রত্যেককেই রাজনীতিবিদ হিসেবেই নিয়োগ করা হয়েছে।’ যদিও সরকারি তরফে দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্কুল ও কলেজ সার্ভিস কমিশনের মতো নিয়োগকারী সংস্থার মাথায় রাজনীতিবিদদের নিয়োগ করা হবে না বলে আশ্বস্ত করেছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করা হবে।

উচ্চশিক্ষা দপ্তরের যুগ্মসচিব যে বিজ্ঞপ্তি জারি করেছেন, তাতে বোলপুর, সিউড়ি বিদ্যাসাগর এবং লাভপুরের শম্ভুনাথ কলেজের সভাপতি পদে নাম রয়েছে খোদ উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের। সভাপতি পদে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর নাম রয়েছে কলকাতার আশুতোষ, যোগমায়া এবং শ্যামাপ্রসাদ কলেজে। কলকাতার বিদ্যাসাগর কলেজের তিনটি শাখার সভাপতি হয়েছেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি–র ভূমিকাকে সমর্থন জানিয়ে হুঙ্কার দেওয়া যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়কে গড়িয়া দীনবন্ধু অ্যান্ড্রুজ ও কে কে দাস কলেজের সভাপতি মনোনীত করা হয়েছে। এক সময়ের দাপুটে ছাত্রনেতা তথা বরাহনগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ বঙ্গবাসীর তিনটি কলেজের সভাপতি হয়েছেন। কাশীপুর–বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারি মহারাজ শ্রীশচন্দ্র, মণীন্দ্রচন্দ্র ও মহারানি কাশীশ্বরী কলেজের সভাপতি হয়েছেন।

বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু কোচবিহার কলেজের সভাপতি হয়েছেন। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন ফালাকাটা কলেজ ও লীলাবতী মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন। মুখ্যমন্ত্রীর দুই ভাই দিব্যেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীকে যথাক্রমে এগরা সারদা শশীভূষণ কলেজ ও প্রভাতকুমার কলেজের সভাপতি করা হয়েছে। বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে বালুরঘাট ও গঙ্গারামপুর কলেজের সভাপতি মনোনীত করা হয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, বাঁকুড়া, পুরুলিয়া, রানাঘাটের সাংসদেরও বিভিন্ন কলেজের সভাপতি করা হয়েছে। গোবরডাঙ্গা হিন্দু কলেজ ও হাবড়ার শ্রী চৈতন্য কলেজের সভাপতি করা হয়েছে বনগঁার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে।

রাজ্যে ৪ মে ভোটগণনায় সরকার বদলের পরেই ৯ মে মুখ্যমন্ত্রী–সহ ছয় পূর্ণমন্ত্রী শপথ নিয়েছিলেন। তার পরেই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়–সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিগত সরকারের আমলে মনোনীত সভাপতি–সহ অন্য পদাধিকারীদের পদত্যাগের নির্দেশ দিয়েছিল রাজ্য প্রশাসন। সাহায্যপ্রাপ্ত পাঁচশোর বেশি কলেজে যুগ্ম–অধিকর্তা স্তরের অফিসারদের প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়েছিল। শুক্রবার তার অর্ধেক কলেজে সভাপতি মনোনীত করল রাজ্য। এবং সবাই তাঁরা রাজনীতিবিদ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *