এডমুন্ডের হ্যাটট্রিক, হাবাসের ম্যাজিক— মোহনবাগানকে উড়িয়ে ২২ বছরের আক্ষেপ মুছল ইস্টবেঙ্গল - 24 Ghanta Bangla News
Home

এডমুন্ডের হ্যাটট্রিক, হাবাসের ম্যাজিক— মোহনবাগানকে উড়িয়ে ২২ বছরের আক্ষেপ মুছল ইস্টবেঙ্গল

Spread the love

সবুজ-মেরুনের প্রত্যাবর্তনের স্বপ্ন ভাঙলেন এডমুন্ড

৩২ মিনিটে হঠাৎই যেন ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল মোহনবাগান। ডান প্রান্ত দিয়ে দারুণ দৌড়ে উঠে জয় গুপ্তকে কাটিয়ে বক্সের মাঝখানে জায়গা তৈরি করেন মনবীর সিং। তার পর বাঁ পায়ে নেওয়া তাঁর জোরালো শট আনোয়ার আলির পায়ের নিচ দিয়ে গোলের দিকে চলে যায়। ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসুখন সিং গিল বল ছুঁয়েছিলেন ঠিকই, কিন্তু জালে বল জড়ানো আটকাতে পারেননি। স্কোরলাইন তখন ৩-১। সবুজ-মেরুন সমর্থকদের মনে জেগেছিল ঘুরে দাঁড়ানোর আশা। মনে হচ্ছিল, ম্যাচে হয়তো এখনও অনেক কিছু বাকি। কিন্তু সেই আশার আলো বেশিক্ষণ জ্বলতে দিলেন না এডমুন্ড লালরিন্ডিকা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই নিজের তৃতীয় গোল করে কার্যত ম্যাচের ভাগ্য লিখে দেন ইস্টবেঙ্গলের এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের ৪৪ মিনিটে মহম্মদ রশিদের ফ্রি-কিক থেকে আক্রমণ তৈরি হয়। বাঁ দিকে থাকা জয় গুপ্ত বলটা মাইনাস করেন। মোহনবাগানের ডিফেন্ডাররা তখন এক লাইনে দাঁড়িয়ে। ঠিক সেই জায়গাতেই উপস্থিত ছিলেন এডমুন্ড। পা ছুঁইয়ে বল জালে পাঠিয়ে দেন তিনি। তারপরই দুই হাত ছড়িয়ে ছুটতে শুরু করেন। যুবভারতী বুঝে যায়, তারা ইতিহাসের সাক্ষী।

হাবাসের ছোঁয়ায় বদলে যাওয়া ইস্টবেঙ্গল

এই ম্যাচের স্কোরলাইন ৪-১ হলেও, এর পিছনে লুকিয়ে রয়েছে হাবাসের কৌশলগত জয়। মোহনবাগানের বিরুদ্ধে মাঝমাঠের লড়াই জেতা, রশিদ-জিকসনদের স্বাধীনতা দেওয়া, আর সবচেয়ে বড় কথা এডমুন্ডকে শুরু থেকে নামানোর সাহসী সিদ্ধান্ত— সব কিছুই কাজে লেগেছে। যে দলটা ডুরান্ডের লিগ পর্বের ডার্বিতে সুযোগ তৈরি করেও গোল করতে হিমশিম খেয়েছে, সেই দলই ডার্বির ফাইনালে প্রথম ৪৫ মিনিটে চার গোল করে দিল। হাবাস শুধু দলকে ট্রফি দেননি, ফিরিয়ে দিয়েছেন বিশ্বাস।

ভাইচুংয়ের পাশে এডমুন্ড, ডার্বির ইতিহাসে নতুন অধ্যায়

কলকাতা ডার্বিতে হ্যাটট্রিক। এই কীর্তি খুব কম ফুটবলারের ভাগ্যে জোটে। রবিবার সেই বিরল তালিকায় নিজের নাম লিখিয়ে ফেললেন এডমুন্ড লালরিন্ডিকা। ভাইচুং ভুটিয়া ও কিয়ান নাসিরির পর তৃতীয় ভারতীয় হিসেবে ডার্বিতে হ্যাটট্রিক করলেন তিনি। ভাইচুং ও এডমুন্ড এই কীর্তি গড়লেন ইস্টবেঙ্গলের জার্সিতে। কিয়ান করেছিলেন মোহনবাগানের হয়ে।

ডার্বিতে হ্যাটট্রিক করা ফুটবলারদের তালিকায় এত দিন যে নামগুলো আলোচিত হত, এ বার থেকে সেখানে সমান গুরুত্ব নিয়ে উচ্চারিত হবে এডমুন্ড লালরিন্ডিকার নাম। প্রসঙ্গত, ডার্বিতে এক ম্যাচে সর্বাধিক গোলের কীর্তি রয়েছে অবশ্য এডে চিডির। ২০০৯ সালের সেই স্মরণীয় ৫-৩ ডার্বিতে চার গোল করেছিলেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *