Auto LPG বাণিজ্যিক গাড়ির বয়সসীমা ৫ বছর বাড়ানোর দাবি আইএসির
নয়াদিল্লি: জাতীয় পারমিট ব্যবস্থার আওতায় থাকা নির্দিষ্ট বাণিজ্যিক গাড়ির বয়সসীমা আরও পাঁচ বছর বাড়ানোর যে প্রস্তাব কেন্দ্র করেছে, তার আওতায় অটো এলপিজি (Auto LPG) চালিত…
নয়াদিল্লি: জাতীয় পারমিট ব্যবস্থার আওতায় থাকা নির্দিষ্ট বাণিজ্যিক গাড়ির বয়সসীমা আরও পাঁচ বছর বাড়ানোর যে প্রস্তাব কেন্দ্র করেছে, তার আওতায় অটো এলপিজি (Auto LPG) চালিত বাণিজ্যিক গাড়িকেও অন্তর্ভুক্ত করার দাবি জানাল ইন্ডিয়ান অটো এলপিজি কোয়ালিশন বা আইএসি। সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক বা মোর্চ জাতীয় পারমিটের আওতায় থাকা ব্যাটারি চালিত, হাইড্রোজেন জ্বালানি চালিত এবং প্রাকৃতিক গ্যাস চালিত বাণিজ্যিক গাড়ির নির্ধারিত বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে আইএসি-র বক্তব্য, নির্ধারিত নিরাপত্তা, ফিটনেস এবং দূষণ নির্গমন সংক্রান্ত মান পূরণ করা অটো এলপিজি চালিত গাড়িকেও এই সুবিধা দেওয়া উচিত। তাদের যুক্তি, পরিচ্ছন্ন পরিবহণের নীতি কোনও একটি প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়।
আইএসি-র ডিরেক্টর জেনারেল সুয়াশ গুপ্ত বলেন, “ইভি, হাইড্রোজেন এবং প্রাকৃতিক গ্যাস চালিত গাড়ির জন্য প্রস্তাবিত পাঁচ বছরের বয়সসীমা বৃদ্ধি স্বাগত জানানোর মতো পদক্ষেপ। কিন্তু পরিচ্ছন্ন পরিবহণের নীতি কোনও নির্দিষ্ট প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। অটো এলপিজিকেও এর আওতায় আনতে হবে।” তাঁর দাবি, অটো এলপিজি বর্তমানে সহজলভ্য এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী একটি পরিবহণ জ্বালানি। উপযুক্ত পেট্রোল চালিত পুরনো গাড়িকে অটো এলপিজিতে রূপান্তর করেও দূষণ কমানো সম্ভব।
Also Read | চার-দরজার Ford Mustang আসছে? ৪ সেকেন্ডের কমে ১০০ কিমি গতি!
মান পূরণ করলেই বয়সসীমা বৃদ্ধির সুবিধা
আইএসি জানিয়েছে, অটো এলপিজি চালিত বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে বয়সসীমা বাড়ানোর সুবিধা দেওয়া হলেও তা শর্তসাপেক্ষ হওয়া উচিত। গাড়িগুলিকে বাধ্যতামূলক ফিটনেস, নিরাপত্তা, দূষণ নির্গমন এবং অন্যান্য নিয়ন্ত্রক মান পূরণ করতে হবে। অর্থাৎ শুধুমাত্র অটো এলপিজি জ্বালানি ব্যবহার করলেই অতিরিক্ত পাঁচ বছরের সুবিধা পাওয়া যাবে না। সংগঠনটির মতে, ভারতে পরিচ্ছন্ন পরিবহণে দ্রুত পরিবর্তনের প্রয়োজন থাকলেও দেশের রাস্তায় বর্তমানে বিপুল সংখ্যক পুরনো গাড়ি চলছে। ফলে একসঙ্গে গোটা গাড়ির বহর বদলে ফেলা বাস্তবসম্মত নয়।
পুরনো পেট্রোল গাড়িকে এলপিজিতে রূপান্তরের পক্ষে সওয়াল
আইএসি-র বক্তব্য, ইভি এবং হাইড্রোজেন চালিত গাড়ি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কিন্তু বিদ্যমান গাড়ির পুরো বহর বদলাতে বহু বছর সময় লাগবে। এই পরিস্থিতিতে উপযুক্ত পুরনো পেট্রোল গাড়িকে অটো এলপিজিতে রূপান্তর করে দূষণ কমানো যেতে পারে। এতে গাড়ির মালিকদের অবিলম্বে নতুন গাড়ি কেনার প্রয়োজন হবে না। সংগঠনের দাবি, বিশ্বজুড়ে ৩ কোটিরও বেশি গাড়িতে অটো এলপিজি ব্যবহার করা হয় এবং প্রায় ৮০ হাজার জ্বালানি ভরার কেন্দ্র রয়েছে। ভারতে রয়েছে প্রায় ২,৫০০টি অটো এলপিজি সরবরাহ কেন্দ্র এবং গাড়ি রূপান্তরের জন্য একটি প্রতিষ্ঠিত পরিকাঠামো।
Also Read | মেক ইন ইন্ডিয়ায় ফের বড় ঘোষণা! দেশীয় যুদ্ধ বিমান তৈরিতে রিলায়েন্সের সঙ্গে হাত মেলাল রোলস রয়েস
মালিকদের খরচও কমতে পারে
আইএসি-র মতে, বয়সসীমার সুবিধা অটো এলপিজি চালিত বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে বাড়ানো হলে গাড়ির মালিক এবং পরিবহণ সংস্থাগুলি তাঁদের পুরনো বিনিয়োগ থেকে আরও বেশি সময় ধরে সুবিধা নিতে পারবেন। একই সঙ্গে নতুন গাড়ি কেনার প্রয়োজনীয়তা কিছুটা কমিয়ে কম খরচে দূষণ কমানোর সুযোগ তৈরি হবে। সংগঠনটি আরও জানিয়েছে, ভারতের বৈচিত্র্যময় পরিবহণ ব্যবস্থার জন্য একাধিক জ্বালানি প্রযুক্তিকে পাশাপাশি রাখা প্রয়োজন। ইভি এবং হাইড্রোজেন দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে গুরুত্বপূর্ণ হলেও, কিছু ক্ষেত্রে পুরনো গাড়ি বদলে ফেলার তুলনায় অটো এলপিজিতে রূপান্তর করা বেশি বাস্তবসম্মত হতে পারে। তাই জাতীয় পারমিটের আওতায় বাণিজ্যিক গাড়ির বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব চূড়ান্ত করার আগেই অটো এলপিজি চালিত বাণিজ্যিক গাড়িকেও এই সুবিধার আওতায় আনার দাবি জানিয়েছে আইএসি।