হরমুজ প্রণালী দিয়ে ইরাকি তেলবাহী জাহাজে অনুমতি দিল ইরান
বাগদাদ: ইরাকের একাধিক তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাওয়ার বিশেষ অনুমতি দিয়েছে ইরান। বাগদাদের পক্ষ থেকে একাধিক মাধ্যমে বারবার অনুরোধ জানানোর পর…
বাগদাদ: ইরাকের একাধিক তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাওয়ার বিশেষ অনুমতি দিয়েছে ইরান। বাগদাদের পক্ষ থেকে একাধিক মাধ্যমে বারবার অনুরোধ জানানোর পর এই অনুমতি দেওয়া হয়েছে বলে শনিবার ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে।
আইআরএনএ-র দাবি, ইরাকের তেলবাহী জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার বিশেষ অনুমতি দেওয়াই ছিল ইরাকের অন্যতম প্রধান দাবি। সম্প্রতি ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফের ইরাক সফরের সময়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়।
ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি শনিবার জানিয়েছেন, গত কয়েক দিনে ইরাকের তেল বহনকারী জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার ক্ষেত্রে ইরান সহযোগিতা করেছে। হরমুজ প্রণালী দিয়ে ইরাকি তেল রফতানির বিষয়েও ইরানি আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছে বাগদাদ। তবে বিষয়টি এখনও পুরোপুরি সহজ হয়নি বলেই জানিয়েছেন আমেদি। বাগদাদ ডায়ালগ নীতি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ইরাকি তেল রফতানির পথ নিয়ে জটিলতা এখনও রয়েছে।
Also Read | জলপথে পণ্য পরিবহনে উঠে আসছে বাংলা! ২০২৫-২৬ এ পরিবহন বাড়ল ২১৮ মিলিয়ন টনে
হরমুজ প্রণালী বন্ধ থাকায় বড় সমস্যায় ইরাক
ইরানের কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে রয়েছে ইরাক। যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে যে পরিমাণ জাহাজ চলাচল করত, বর্তমানে তার তুলনায় যান চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এর পাশাপাশি ওই অঞ্চলে জাহাজগুলিকে হামলার আশঙ্কার মধ্যেও চলাচল করতে হচ্ছে। যুদ্ধ শুরুর আগে ইরাক প্রতিদিন প্রায় ৪০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করত। তেল রফতানি চালু রাখতে তাই বিকল্প পথ খুঁজছে বাগদাদ।
Also Read | আগামী ৪-৫ বছরে পূর্ব রেলওয়েতে ১২ হাজার কোটির প্রকল্প অনুমোদন কেন্দ্রের
তুরস্ক, সিরিয়া ও জর্ডানের পথেও তেল পাঠানোর চেষ্টা
ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি শুক্রবার জানিয়েছেন, হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে সরকার একাধিক বিকল্প রফতানি পথ নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে তুরস্কের জেইহান বন্দর দিয়ে তেল রফতানি বাড়ানো। পাশাপাশি সিরিয়ার বানিয়াস বন্দর এবং জর্ডানের আকাবা বন্দর দিয়েও ইরাকি তেল রফতানি শুরু করার পরিকল্পনা রয়েছে।
হরমুজ প্রণালী দিয়ে ইরাকি তেলবাহী জাহাজকে সীমিতভাবে চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত তাই বাগদাদের জন্য গুরুত্বপূর্ণ হলেও, দীর্ঘমেয়াদে বিকল্প রফতানি পথ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরাক।