বিক্ষোভে ফেটে পড়ল দুই ২৪ পরগনা, অন্নপূর্ণার ঝাঁজ সামলাতে নামল র‍্যাফ - 24 Ghanta Bangla News
Home

বিক্ষোভে ফেটে পড়ল দুই ২৪ পরগনা, অন্নপূর্ণার ঝাঁজ সামলাতে নামল র‍্যাফ

Spread the love

এই সময়, বিরাটি, বসিরহাট, গোবরডাঙা ও সোনারপুর: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে শুক্রবারও উত্তাল হলো দুই ২৪ পরগনা। কোথাও রেল অবরোধ হলো, কোথাও ঢাকা না পেয়ে আইসিডিএস কর্মীর উপরে চড়াও হলেন ক্ষুব্ধ মহিলারা। দুই জেলাতেই প্রকল্পের টাকা না পেয়ে মহিলাদের ক্ষোভ আছড়ে পড়েছে পুরসভা ও বিডিও অফিসে। বিক্ষোভ সামলাতে সোনারপুরে র‍্যাফ নামাতে হয়।

অন্নপূর্ণা যোজনার টাকা কেন মিলছে না, তা জানতে এ দিন উত্তর দমদম পুরসভায় ভিড় করেন বহু মহিলা। অভিযোগ, তাঁদের প্রশ্নের সদুত্তর মেলেনি। কয়েক জন পুরকর্মীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগও তোলেন তাঁরা। এর পরই ক্ষোভ ছড়িয়ে পড়ে। দুপুর দেড়টা নাগাদ বিরাটি স্টেশন সংলগ্ন ফ্লাইওভারের নীচে রেললাইনে বসে পড়েন মহিলারা। খবর পেয়ে রেল পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। দ্রুত বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হলে অবরোধ ওঠে। পুর কর্তৃপক্ষ পরে বিক্ষোভকারীদের নাম ও ঠিকানা সাদা কাগজে লিখে নেয়। বিক্ষোভকারী গীতা করের অভিযোগ, ‘সরকার টাকা দেবে না, সেটা স্পষ্ট করে জানিয়ে দিক। এ ভাবে মহিলাদের সঙ্গে প্রতারণা ও অপমান করা হচ্ছে।’ নৈহাটি পুরসভাতেও বিক্ষোভ দেখান মহিলারা। অভিযোগ, টাকা না পাওয়ার কারণ জানতে গিয়ে তাঁরা সরাসরি বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়ের ঘরে ঢুকে পড়ে বিক্ষোভ দেখান। উত্তর শহরতলির আরও কয়েকটি পুরসভাতেও মহিলারা গিয়ে ক্ষোভ জানান।

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় এক আইসিডিএস কর্মীকে হেনস্থার অভিযোগ উঠল বসিরহাট ১ নম্বর ব্লকের গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। নিরাপত্তার দাবিতে বিডিও অফিসের দ্বারস্থ হন আইসিডিএস কর্মীরা। এ দিন সকালে নিরাপত্তার দাবিতে বিডিও অফিসে হাজির হন আক্রান্ত আইসিডিএস কর্মী প্রীতি দাস-সহ অন্যান্য কর্মীরা। অন্নপূর্ণা যোজনার সার্ভের কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল আইসিডিএস কর্মীদের।

কিন্তু অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না ঢোকায় ক্ষোভ গিয়ে পড়ছে তাঁদের উপরে। আক্রান্ত প্রীতি বলেন, ‘অ্যাকাউন্টে টাকা না ঢোকায় গ্রামের মহিলারা অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করে। পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে।’

টাকা না পাওয়ার অভিযোগে বসিরহাট মহকুমার একাধিক বিডিও অফিসে বিক্ষোভ দেখান মহিলারা। বাদুড়িয়া, হাড়োয়া, বসিরহাট-১ নম্বর ও ২ নম্বর ব্লক অফিসে মহিলারা বিক্ষোভ দেখান। মহিলাদের দাবি, সরকারি নির্দেশিকা মেনে প্রয়োজনীয় নথি ও তথ্য জমা দেওয়ার পরও টাকা ঢোকেনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও কোনও সুরাহা না মেলায় ক্ষোভে ফেটে পড়েন তারা। অনেকেরই অভিযোগ, আর্থিক ভাবে স্বচ্ছল ব্যক্তিরা টাকা পেলেও তাঁরা বঞ্চিত। বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত প্রধানরা প্রিয়জনদের এই ভাতা পাইয়ে দিয়েছেন।

এ দিন গোবরডাঙা এবং হাবরা পুরসভা এবং দেগঙ্গা বিডিও অফিসেও বিক্ষোভ চলে। গোবরডাঙা পুরসভায় মহিলাদের বিক্ষোভ কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিজেপি কর্মী রঞ্জন দেবনাথের বাধার মুখে পড়তে হয় স্থানীয় চিত্র সাংবাদিকদের। তাঁদের মোবাইল কেড়ে নিয়ে চিত্র সাংবাদিকদের দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগও উঠেছে বিজেপির ওই কর্মীর বিরুদ্ধে। এ দিন দুপুরে শতাধিক মহিলা গোবরডাঙা পুরসভার সামনে জড়ো হন। তখন পুরসভায় ছিলেন রঞ্জন ও তাঁর ঘনিষ্ঠ কয়েকজন বিজেপি কর্মী। মহিলারা তাঁর কাছে গিয়ে ক্ষোভের কথা জানালে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে রঞ্জনের বিরুদ্ধে।

হাবরা পুরসভাতেও চলে মহিলাদের বিক্ষোভ। এই প্রসঙ্গে গোবরডাঙার বাসিন্দা মিথিলা দাস বলেন, ‘আন্দাজে অফিসে বসে ভেরিফিকেশন করে যাচ্ছে।’ শিখা দে বলেন, ‘আমি হার্টের রোগী। বুকে স্টেন্ট বসানো রয়েছে। ওষুধের খরচের জন্য অন্নপূর্ণার টাকাটা খুব প্রয়োজন। অথচ সরকার আমাদের দিচ্ছে না।’ হাবরার গৃহবধূ অনিমা সাহা বলেন, ‘একটা ঘরে পাঁচজন থাকি। অথচ তিনটে ঘর দেখিয়ে বাতিল করেছে।’ রমলা সিকদার বলেন, ‘ভিখারির মতো প্রতি মাসে পুরসভায় আসতে হচ্ছে। এটা বন্ধ হোক।’

মহিলাদের ক্ষোভ সামলাতে এ দিন ফেসবুক লাইভ করে বার্তা দেন হাবরার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল। তিনি বলেন, ‘আপনারা অন্নপূর্ণা প্রকল্পের পোর্টালে গিয়ে স্টেটাস চেক করুন। কারও কথায় বিভ্রান্ত হয়ে বিক্ষোভদেখাবেন না। সরকারকে একটু সময় দিন।’ দেগঙ্গা বিডিও অফিসে গিয়ে প্রায় এক হাজার মহিলা বিক্ষোভদেখান। বিক্ষোভকারীদের দাবি, বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করার কথা ছিল আইসিডিএস কর্মীদের। কিন্তু তাঁরা সেটা করেননি। অভিযোগ অস্বিকার করে হাদীপুর-ঝিকরা পঞ্চায়েতের আইসিডিএস কর্মী মিঠু দাস বলেন, ‘আমরা এনকোয়ারি করে সকলকেই অ্যাপ্রুভ করে পাঠিয়েছি।’ দেগঙ্গা বিডিও নাজমুল আরেফিন মিদ্দে বলেন, ‘কোনও বিশেষ সমস্যার জন্য টাকা জমা হয়নি। খতিয়ে দেখা হচ্ছে।’

টাকা না পাওয়ায় এ দিনও বিক্ষোভের সুনামি আছড়ে পড়ল রাজপুর-সোনারপুর পুরসভায়। শুক্রবার হরিনাভির অফিসের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন মহিলাদের একাংশ। রাস্তা অবরোধের ফলে ঘণ্টা খানেক বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ। পুরসভার চেয়ারম্যানের ঘরের বাইরে জমায়েত করেন বহু মহিলা। সেখানেও চলে চিৎকার চেঁচামেচি। ডায়মন্ড হারবার পুরসভা-সহ একাধিক বিডিও এবং পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখান মহিলারা। মথুরাপুর-২, কাকদ্বীপ এবং নামখানা বিডিও অফিসের সামনেও ভাতা না পাওয়ার অভিযোগে দফায় দফায় বিক্ষোভ দেখান মহিলারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *