গভীর রাতে রামগড়ের সিমেন্ট কারখানায় ফাটল টারবাইন! ঝলসে মৃত্যু ৩ ইঞ্জিনিয়ারের
রামগড়: গভীর রাতে পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ। চোখের নিমেষে আগুন ছড়িয়ে পড়ল গোটা কারখানায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন জন ইঞ্জিনিয়ার। গুরুতর জখম অবস্থায়…
রামগড়: গভীর রাতে পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ। চোখের নিমেষে আগুন ছড়িয়ে পড়ল গোটা কারখানায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন জন ইঞ্জিনিয়ার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও এক জন। ঝাড়খণ্ডের রামগড় (Ramgarh) জেলার এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলেছেন কর্মীরা।
জানা গিয়েছে, রামগড়ের হেহল এলাকায় অবস্থিত ‘মা ছিন্নমস্তিকা সিমেন্ট অ্যান্ড ইস্পাত’ (Maa Chhinnamastika Cement and Ispat)-এর পাওয়ার প্ল্যান্টে এই দুর্ঘটনা ঘটে। গভীর রাতে আচমকাই প্ল্যান্টের টারবাইন বিকল হয়ে ভয়াবহ বিস্ফোরণ হয়। এরপরই বিধ্বংসী আগুন গ্রাস করে নেয় গোটা প্ল্যান্টটিকে। ঘটনার জেরে রাতেই কারখানায় চরম আতঙ্ক ও হুড়োহুড়ি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী।
বিস্ফোরণের কারণ নিয়ে ইতিমধ্যে কারখানা কর্তৃপক্ষের দিকেই আঙুল তুলেছেন কর্মীরা। কারখানার কর্মী অমিত কুমার অভিযোগ করেন, কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণেই তরতাজা তিনটি প্রাণ অকালে ঝরে গেল। তিনি জানান, পাওয়ার প্ল্যান্টের ইলেকট্রিক প্যানেল ঠান্ডা রাখার জন্য এসি (AC) লাগানো থাকে। কিন্তু টারবাইন বিকল হয়ে যাওয়ার ফলেই প্যানেলে তীব্র বিস্ফোরণ ঘটে।
অমিতের চাঞ্চল্যকর দাবি, “আমরা গত এক মাস ধরে এই সমস্যার কথা কর্তৃপক্ষকে বারবার জানাচ্ছিলাম। অভিযোগ করা সত্ত্বেও আমাদের কথায় কেউ কর্ণপাত করেনি, উল্টে বিষয়টিকে পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়।”
জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই তিন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়। গুরুতর জখম আরও এক ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি রাঁচির (Ranchi) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
ঠিক কী কারণে এবং কীভাবে এই টারবাইন বিস্ফোরণ ঘটল, তা নিয়ে এখনও কর্তৃপক্ষের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন।
ছটের আনন্দে বিষাদের ছায়া! চম্পারণে বেপরোয়া বাসের চাকায় পিষ্ট ৫ দর্শনার্থী
ফের বিক্ষোভের সাক্ষী জন্তরমন্তর! কমলা পতাকার নিচে এবার উঠল শুরু SC-ST সংস্কারের দাবি