Murshidabad: ‘মা আর নেই….’, ফোন পেয়ে মায়ের দেহ আনতে গিয়েই ট্রেন থেকে পড়ে মৃত্যু ছেলের পড়ে | Murshidabad Tragedy: Son Dies on Way to Bring Home Mother’s Body from Hospital
মুর্শিদাবাদে মুর্মান্তিক ঘটনাImage Credit: TV9 Bangla
মুর্শিদাবাদ: হাসপাতাল থেকে সাতসকালে ফোন এসেছিল, ‘মা আর নেই….’, খবর পেয়েই হাসপাতালে ছুটছিলেন ছেলে! মায়ের দেহ হাসপাতাল থেকে বাড়ি আনতে যাচ্ছিলেন। কিন্তু মাঝপথে শেষ ছেলেও। ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ছেলেরও। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নিমতিতার শেরপুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতার নাম সালিমা বিবি (৬০) ও তাঁর ছেলে আহসান আলি (৩০)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সালিমা বিবি। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন গভীর রাতেই তাঁর মৃত্যু হয়। হাসপাতালের তরফে ফোন করে ভোরবেলায় খবর দেওয়া হয়।
হাসপাতালের ফোন পেয়েই বাড়ি থেকে বেরিয়ে যান আহসান। বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছে ট্রেনেও উঠে যান। কিন্তু কোনওভাবে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। কিন্তু তিনি কীভাবে ট্রেন থেকে পড়ে যান, তা নিয়েই ধোঁয়াশা। মায়ের মৃত্যুর খবরে তিনি শোকস্তব্ধ ছিলেন, তাই কোনওভাবে হয়তো নিজেকে সামলাতে পারেননি ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে। একই পরিবারের মা ও ছেলের পরপর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে।