দেশে প্রথম! কলকাতা মেট্রোয় ‘কবচ’, কী কী সুবিধা যাত্রীদের?
কলকাতা: ভারতীয় রেলের পর এবার কলকাতা মেট্রোতেও (Kolkata Metro) বসতে চলেছে দেশীয় অ্যান্টি-কলিশন টেকনোলজি বা ‘কবচ’ (Kavach) প্রযুক্তি। দেশের মধ্যে কলকাতা মেট্রোতেই প্রথম এই আধুনিক…
কলকাতা: ভারতীয় রেলের পর এবার কলকাতা মেট্রোতেও (Kolkata Metro) বসতে চলেছে দেশীয় অ্যান্টি-কলিশন টেকনোলজি বা ‘কবচ’ (Kavach) প্রযুক্তি। দেশের মধ্যে কলকাতা মেট্রোতেই প্রথম এই আধুনিক প্রযুক্তি ব্যবহার হতে চলেছে। এর ফলে একই লাইনে দুটি মেট্রোর মধ্যে ধাক্কা লাগার আশঙ্কা যেমন পুরোপুরি শেষ হবে, তেমনই আরও সুরক্ষিতভাবে এবং কম সময়ের ব্যবধানে দুটি রেক চালানো সম্ভব হবে বলে মেট্রো কর্তৃপক্ষের দাবি।
কলকাতা মেট্রোয় কবচ লাগানোর পরিকল্পনা দীর্ঘদিনের। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবের মুখ দেখতে চলেছে। ইতিমধ্যেই মেট্রোয় কবচ প্রযুক্তি বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক পর্যায়ে নোয়াপাড়া এবং বিমানবন্দর (Noapara-Airport) সেকশনে এই সিস্টেম ইনস্টল করা হচ্ছে। আগামী বছরের শুরুর দিকেই এই রুটে প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে পারে। প্রথমে দেখা হবে এই প্রযুক্তি কতটা কার্যকর হচ্ছে, তারপর ধাপে ধাপে মেট্রোর অন্যান্য সেকশনেও তা চালু করা হবে।
কাজের দায়িত্বে কারা?
কলকাতা মেট্রোয় এই দেশীয় প্রযুক্তি চালুর জন্য গত বছরই টেন্ডার ডাকা হয়েছিল। সেই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে হায়দরাবাদের একটি সংস্থাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েক কোটি টাকা ব্যয়ে তারা ইতিমধ্যে নোয়াপাড়া-বিমানবন্দর রুটে কবচ বসানোর কাজ অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে।
কী সুবিধা হবে যাত্রীদের?
মেট্রো সূত্রে খবর, শুধু দুর্ঘটনা এড়াতেই কবচ ব্যবহার করা হচ্ছে না। এই স্বয়ংক্রিয় দেশীয় ব্যবস্থার মাধ্যমে একই লাইনে থাকা একাধিক ট্রেনের দূরত্ব এবং গতিবেগ নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা যাবে। ফলে দুটি ট্রেন অত্যন্ত নিরাপদে এবং সঠিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে পারবে।
বিশেষজ্ঞদের মতে, এটি কলকাতা মেট্রোর সিগন্যালিং ব্যবস্থায় এক বিরাট বড় আপগ্রেড। এর ফলে আগের চেয়ে অনেক কম সময়ের ব্যবধানে মেট্রো চালানো সম্ভব হবে। বিশেষ করে অফিস টাইমে যখন যাত্রীদের ভিড় বেশি থাকে, তখন দ্রুত একের পর এক রেক চালানো গেলে যাত্রীদের হয়রানি অনেকটাই কমবে এবং পরিষেবা আরও মসৃণ হবে।
যাদবপুরে তাণ্ডব! ভাঙল নন্দলাল বসুর তৈরি ঐতিহাসিক ফলক, তদন্ত কমিটি গঠন
দিল্লিতে হু হু করে ছড়াচ্ছে সোয়াইন ফ্লু, সতর্কবার্তা চিকিৎসকদের