যাদবপুরে সংঘর্ষ ‘অনভিপ্রেত’, উচ্চ পর্যায়ের তদন্তের ভাবনা উপাচার্যের, বার্তা মিছিল-জমায়েত নিয়েও
যাদবপুরের পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন উপাচার্য। বলেন, ‘পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে যা করার, তা করা হবে। একটা উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনাচিন্তা রয়েছে। এ বিষয়ে রাজ্য প্রশাসন এবং আচার্য তথা রাজ্যপালের সঙ্গে আমরা কথা বলব।’
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়ন (ফেটসু)-এর সাধারণ সভাকে কেন্দ্র করে এসএফআই-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে এবিভিপি-র ঝামেলা হয়েছে যাদবপুরে। সংঘর্ষে দুই শিবিরেরই বেশ কয়েক জন আহত হন বলে দাবি। অভিযোগ, রাতে এবিভিপি বেশ কয়েক জন বহিরাগতকে নিয়ে এসে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান ও কলা বিভাগের বাম মনোভাবাপন্ন পড়ুয়াদের তাড়া করে অরবিন্দ ভবনে আটকে রাখে। শুধু তা-ই নয়, ভবনের বাইরে অগ্নিসংযোগেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ।