বিশালের হাত ধরে ডুরান্ড ফাইনালে মোহনবাগান
সায়ন সেনগুপ্ত, কলকাতা: ডার্বি দিয়ে শুরু ডার্বি দিয়েই শেষ। হ্যাঁ এবারের ডুরান্ড কাপ (Durand Cup) ফুটবলপ্রেমীদের মধ্যে মনে থেকে যাবে এভাবেই। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: ডার্বি দিয়ে শুরু ডার্বি দিয়েই শেষ। হ্যাঁ এবারের ডুরান্ড কাপ (Durand Cup) ফুটবলপ্রেমীদের মধ্যে মনে থেকে যাবে এভাবেই। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন শিলংয়ের বুকে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেড। নির্ধারিত সময় পর্যন্ত অমীমাংসিত ফলাফল থাকায় ম্যাচ চলে যায় টাইব্রেকারে। সেখানেই শেষ পর্যন্ত ৫-৩ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় মেরিনার্সরা। পার্থিব গগৈয়ের শট সেভ করে দলকে ফাইনালে তুলে দেন বিশাল কাইথ।
সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। গত ২৫শে জুলাই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্টের হাইভোল্টেজ ম্যাচ দিয়েই শুরু হয়েছিল এই ফুটবল টুর্নামেন্ট। যেখানে শেষ পর্যন্ত একটি গোলের মধ্যে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল প্যানাগিওটিস ডিলমপেরিসের ছেলেরা। শেষ পর্যন্ত গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে চলে গিয়েছিল সবুজ-মেরুন। অন্যদিকে, গ্ৰুপ রানার্স হওয়ার পর একের পর এক দলকে টেক্কা দিয়ে ফাইনালে স্থান পায় ইস্টবেঙ্গল। তারপর আজকের এই ম্যাচের দিকে নজর ছিল সকলের। যেখানে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছিল প্রথম থেকেই।
কিন্তু গোলের সহজ সুযোগ নষ্ট করেন আলাদিন আজারেই থেকে শুরু করে বাগানের লিস্টন কোলাসোর মতো ফুটবলাররা। বলাবাহুল্য, এই গুরুত্বপূর্ণ ম্যাচেই সবুজ-মেরুন জার্সিতে অভিষেক ঘটে ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফেরেইরা এবং ভারতীয় দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার লালিয়ানজুয়ালা ছাংতের। তাঁদের উপস্থিতি নিঃসন্দেহে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছিল বাগান ব্রিগেডকে। তবে ইথিয়ান ও আন্তোনিও মোয়ানোর মতো ফুটবলারদের দৌলতে লড়াই জারি রেখেছিল পাহাড়ের এই ফুটবল দল। তবে নির্ধারিত নব্বই মিনিট পর্যন্ত গোলশূন্য ফলাফল থাকায় ম্যাচ চলে যায় টাইব্রেকারে।
এদিন টাইব্রেকারে সবুজ-মেরুন জার্সিতে বল জালে জড়িয়ে দেন রাহুল ভেকে, শুভাশিস বসু, লিস্টন কোলাসো এবং জেমি ম্যাকলারেন। অন্যদিকে, নিনকোভিচ, আলাদিন, এথিয়ান গঞ্জালেস গোল করতে পারলেও ব্যর্থ হন রবিন যাদব এবং পার্থিব গগৈ। যারফলে টানা দুইবারের ডুরান্ড জয়ীদের হারিয়ে ফাইনালে চলে গেল ময়দানের এই আরেক প্রধান।