অনলাইন গেমে পরিচয়, নদিয়ার যুবক ও তাঁর দুই বন্ধুর প্রেমে ঘর ছাড়লেন একই পরিবারের তিন বধূ
পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিন বধূ। পরিবারের তরফে প্রথমে আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু কোথাও সন্ধান মেলেনি। এর পরেই পরিবারের লোকেরা চাপড়া থানায় বিষয়টি জানায়। তার ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে তদন্তকারীরা জানতে পারেন, তিন মহিলাই মুর্শিদাবাদের একটি ভাড়াবাড়িতে আমিনুলের সঙ্গে রয়েছেন। তার পরেই অভিযান চালিয়ে তিন জনকে উদ্ধার এবং যুবককে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারীদের সূত্রে খবর, ধৃতকে জেরা এবং তিন মহিলা বয়ান সংগ্রহ করে জানা গিয়েছে, অনলাইন গেম খেলতে গিয়েই এক মহিলার সঙ্গে আমিনুলের পরিচয় হয়। তার পরে ধীরে ধীরে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রেই আমিনুলের দুই বন্ধুর সঙ্গে যোগাযোগ তৈরি হয় ওই মহিলার দুই জায়ের সঙ্গে। যদিও যে বাড়ি থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে, সেই বাড়িতে শুধু আমিনুলকে পাওয়া গিয়েছে। তাঁর দুই বন্ধুর হদিশ সেখানে মেলেনি।