‘পঞ্চম পুরো শেষ...’, অপমান সহ্য করে আর.ডি বর্মণ প্রমাণ করেছিলেন এ ভাবেও ফিরে আসা যায় - 24 Ghanta Bangla News
Home

‘পঞ্চম পুরো শেষ…’, অপমান সহ্য করে আর.ডি বর্মণ প্রমাণ করেছিলেন এ ভাবেও ফিরে আসা যায়

Spread the love

‘আরডি বর্মন শেষ! আর কিছু দেওয়ার নেই তাঁর।’ কেরিয়ারের শেষ পর্বে এমনই কথা শুনতে হয়েছিল সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মনকে। যে মানুষ একসময় হিন্দি ছবির সঙ্গীতের ভাষাই বদলে দিয়েছিলেন, কেরিয়ারের শেষদিকে একের পর এক ছবি সফল না হওয়ায় তাঁকেই প্রায় বাতিলের খাতায় ফেলে দিয়েছিল ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। কিন্তু শেষ পর্যন্ত সেই ‘শেষ হয়ে যাওয়া’ শিল্পীই মৃত্যুর পর এমন একটি সুরের উত্তরাধিকার রেখে গেলেন, যা আজও অমলিন। ছবির নাম ‘১৯৪২: আ লাভ স্টোরি’।

বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই ছবি ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল। অভিনয়ে ছিলেন অনিল কাপুর, মনীষা কৈরালা এবং জ্যাকি শ্রফ। ছবির গানের কথা লিখেছিলেন জাভেদ আখতার, আর সুরের দায়িত্বে ছিলেন আর ডি বর্মন। তাঁর জীবনের শেষ ছবি ছিল এটি। তবে দুর্ভাগ্য, ছবিটি মুক্তি পাওয়ার আগেই ৪ জানুয়ারি, ১৯৯৪ প্রয়াত হন পঞ্চম। ‘১৯৪২: আ লাভ স্টোরি’ মুক্তি পায় ১৫ এপ্রিল। অর্থাৎ নিজের শেষ সৃষ্টির সাফল্য আর দেখে যেতে পারেননি তিনি।

আর ডি বর্মনের কেরিয়ারের শুরুটা ছিল একেবারেই অন্যরকম। নতুন ধরনের শব্দ, ভারতীয় সুরের সঙ্গে পাশ্চাত্য সংগীতের মেলবন্ধন এবং একের পর এক পরীক্ষানিরীক্ষা তাঁকে হিন্দি ছবির সঙ্গীতে অন্যতম গুরুত্বপূর্ণ নাম করে তুলেছিল। কিন্তু সময়ের সঙ্গে তাঁর বেশ কিছু ছবি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় পরিস্থিতি বদলাতে শুরু করে।

জাভেদ আখতারের মতে, সেই সময় আর ডি বর্মনের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে একেবারেই কাজ পাচ্ছিলেন না। বলা যায়, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় দাঁড়িয়েছিলেন।

এই পরিস্থিতিতেই বিধু বিনোদ চোপড়া ‘১৯৪২: আ লাভ স্টোরি’-র সঙ্গীত পরিচালনার দায়িত্ব দেন আর ডি বর্মনকে। কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েও কম প্রশ্ন ওঠেনি। জাভেদ আখতার জানিয়েছেন, চোপড়া কেন পঞ্চমকে নিচ্ছেন, তা নিয়ে অনেকেই তাঁকে প্রশ্ন করেছিলেন। এমনকি আর ডি বর্মনের ঘনিষ্ঠ এক ব্যক্তি আখতারকে বলেছিলেন, পঞ্চম নাকি শেষ হয়ে গিয়েছেন, তাঁর সৃষ্টিশীলতার শক্তিও নাকি ফুরিয়ে এসেছে। আখতারকে এমনও বলা হয়েছিল যে তাঁকে এই কাজে সুপারিশ করে হয়তো বিপদে ফেলছেন। কিন্তু শিল্পীর প্রতিভার শেষ কোথায়, তা যে বাইরের সাফল্যের হিসাব দিয়ে মাপা যায় না, তার অন্যতম বড় উদাহরণ হয়ে রইল ‘১৯৪২: আ লাভ স্টোরি’।

পঞ্চমের মৃত্যুর কয়েক মাস পরে মুক্তি পায় ‘১৯৪২: আ লাভ স্টোরি’। প্রতিটি গান সকলের ঠোঁটের আগায় ঘুরতে লাগল। ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’, ‘কুছ না কহো’, ‘রিমঝিম রিমঝিম’, ‘রুত না আয়ে’— প্রতিটি কালজয়ী গান। আর ডি বর্মনের এই শেষ সৃষ্টিই পরে তাঁর কেরিয়ারের অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে স্বীকৃতি পায়। এমনকী মৃত্যুর পরে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান সেরা মিউজিক ডিরেক্টর হিসাবে। তবে সেই স্বীকৃতি স্বচক্ষে দেখে যেতে পারেননি তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *