‘Asha Forever’-এ শাহরুখ খান, প্রয়াত আশা ভোঁসলের স্মৃতিতে বিশেষ শ্রদ্ধার্ঘ্য রহমানের
সঙ্গীতের ঈশ্বরী আশা ভোঁসলে (Asha Bhosle) আর আমাদের মাঝে নেই। চলতি বছরের ১২ এপ্রিল ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী। কিন্তু তাঁর কণ্ঠস্বর চিরকাল থেকে যাবে কোটি কোটি মানুষের হৃদয়ে। এ বার তাঁর কালজয়ী অবদানকে সম্মান জানাতে এ আর রহমান (A. R. Rahman) নিয়ে আসছেন এক বিশেষ সঙ্গীত প্রজেক্ট, যার নাম ‘আশা ফরএভার’ (Asha Forever)। এই বিশেষ মিউজ়িক ভিডিয়োয় নজর কাড়তে চলেছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। সঙ্গীত পরিচালক এ আর রহমান নিজেই এক্স (টুইটার)-এ এই মেগা কোলাবরেশনের খবর জানিয়েছেন।
এ আর রহমান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কিংবদন্তি আশা তাইয়ের স্মরণে তৈরি এই মিউজ়িক ভিডিয়োয় অংশ গ্রহণ করতে রাজি হয়েছেন শাহরুখ খান। বাদশার এই সিদ্ধান্তে আপ্লুত হয়ে রহমান লেখেন, ‘প্রিয় শাহরুখ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আশাজির স্মৃতির উদ্দেশে তৈরি এই মিউজ়িক ভিডিয়োর অংশ হতে রাজি হওয়ার জন্য।’
A heartfelt thank you to dear @IamSrk for graciously agreeing to be part of Asha Bhosle ji’s tribute music video. #ComingSoon #AshaForever
— A.R.Rahman (@arrahman) August 16, 2026
রহমান আরও জানান, আশা ভোঁসলে জীবিত থাকাকালীনই এই প্রজেক্টের পরিকল্পনা করা হয়েছিল, যাতে তাঁর হাতেই গানটি তুলে দেওয়া যায়। এই মিউজ়িক ভিডিয়োতে শুধুমাত্র রহমান ও শাহরুখই নন, বরং ভারতের বিভিন্ন প্রান্তের সঙ্গীতের দিকপালরাও এই প্রজেক্টে কণ্ঠ মেলাবেন, যার পাশাপাশি প্রয়াত আশা তাইয়ের নিজস্ব কণ্ঠের রেকর্ড করা অংশও ব্যবহৃত হবে।
গত ১২ এপ্রিল আশা ভোঁসলে প্রয়াত হওয়ার পর গভীর শোক প্রকাশ করেছিলেন শাহরুখ খান। কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে এসআরকে লিখেছিলেন, ‘আশা তাইয়ের চলে যাওয়ার খবর অত্যন্ত বেদনাদায়ক। ওঁর কণ্ঠ ছিল ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রধান ভিত, যা আগামী কয়েক শতাব্দী জুড়ে বিশ্ব জুড়ে প্রতিধ্বনিত হবে। উনি সবসময় আমাকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে রাখতেন। শান্তিতে থাকুন আশা তাই।’