100-Day Report: ১০০ দিনে ঠিক কী কী কাজ করেছে রাজ্য সরকার? এবার বাড়ি বাড়ি পৌঁছবে সেই বই | West Bengal Government’s 100 Day Report: BJP Releases 41 Page Book on ‘Sankalp and Achievements’
শমীক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতিImage Credit: TV9 Bangla
কলকাতা: রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে একটি ৪১ পাতার বিশেষ বই প্রকাশ করা হল। ৪১ পাতার ওই বইয়ের নাম ‘পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্যের ১০০ দিন’। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি প্রচ্ছদে ব্যবহার করা হয় হয়েছে। কত টাকার বিনিয়োগ রাজ্যে এসেছে? কত মহিলা অন্নপূর্ণা যোজনা টাকা পেয়েছেন? কোন সামাজিক প্রকল্পের কত মানুষের অর্থ বৃদ্ধি করা হয়েছে? অনুপ্রবেশকারীদের কতজনকে পাঠিয়ে দেওয়া হয়েছে? সীমান্ত সুরক্ষায় কতটা জমি দেওয়া হয়েছে বিএসএফকে? এই সমস্ত কিছু তথ্য বইতে রয়েছে। এই বই নিয়ে এলাকায় এলাকায় পৌঁছবেন বিজেপি নেতা কর্মীরা। মানুষকে জানাবেন নতুন সরকারের কার্যকলাপের কথা।
কী কী তথ্য রয়েছে এই বইয়ে?
-
উন্নয়ন ও বিনিয়োগ: সরকারের ১০০ দিনে রাজ্যে মোট এসেছে কত টাকার বিনিয়োগ এবং কী কী উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হয়েছে।
-
সামাজিক সুরক্ষা: অন্নপূর্ণা যোজনায় সহায়তা পাওয়া মহিলার সংখ্যা এবং অন্যান্য সামাজিক প্রকল্পে আর্থিক সুবিধা বৃদ্ধির বিবরণ।
-
সীমান্ত ও অনুপ্রবেশ: কতজন অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে এবং সীমান্ত নিরাপত্তার স্বার্থে বিএসএফ-কে কতখানি জমি হস্তান্তর করা হয়েছে, তার সুনির্দিষ্ট তথ্য।
নিউটাউনের প্রশিক্ষণ শিবির থেকে বিজেপির নির্দেশ, এই তথ্যাদি নিয়ে নেতা-কর্মীদের সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে নতুন সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে হবে।
দলীয় শৃঙ্খলা ও নেতাদের সতর্কবার্তা শিবিরে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য দলের জনপ্রতিনিধি ও নেতাদের প্রতি কড়া বার্তা দেন। তিনি বলেন, “বিধায়ক বা জেলা স্তরের কোনও নেতার বিরুদ্ধে তোলাবাজি বা কাটমানির অভিযোগ প্রমাণিত হলে দল তাঁকে বরখাস্ত (সাসপেন্ড) করতে দ্বিধা করবে না।” আর তিনি এই কথাটা একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অনুমতি নিয়েই বলছেন বলে জানান। পাশাপাশি তিনি এও বলেছেন, বর্তমান বিধায়কদের মধ্যে থেকে ১৫-২০ জন দল ছেড়ে চলেও যান, তবুও সংগঠনে বা দলে তার কোনও প্রভাব পড়বে না।