Mandakini: হাড় কাঁপানো ঠান্ডায় ঝরনার জল, সাদা স্বচ্ছ ভেজা শাড়ি, সেদিন কী কী ঘটেছিল? ৪১ বছর পর রাজ কাপুরকে নিয়ে মুখে খুললেন মন্দাকিনী | Actress Mandakini has revisited Ram Teri Ganga Maili co starring Raj Kapoor.
কালজয়ী সিনেমা ‘রাম তেরি গঙ্গা ময়লি’ মুক্তির ৪১ বছর পূর্ণ হল। এই বিশেষ মাইলফলকে পৌঁছে পরিচালক রাজ কাপুর এবং ছবির শুটিংয়ের নানা অজানা মুহূর্ত নিয়ে স্মৃতিচারণ করলেন প্রবীণ অভিনেত্রী মন্দাকিনী। ১৯৮৫ সালে মুক্তি পাওয়া এই ব্লকবাস্টার ছবির একটি পোস্টার সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে অতীত দিনের কথা তুলে ধরেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে মন্দাকিনী লেখেন, “আপনারা কি জানেন, এ বছর ‘রাম তেরি গঙ্গা ময়লি’ মুক্তির ৪১ বছর পূর্ণ হতে চলেছে? এতগুলো বছর ধরে আপনারা এই ছবিটিকে যে ভালোবাসা দিয়ে এসেছেন, তা আজও আমার কাছে অত্যন্ত মূল্যবান ও বিশেষ।”
তিনি আরও যোগ করেন, “এত বছর কেটে যাওয়ার পরেও আমি প্রতিদিন এই ছবি সম্পর্কিত অজস্র স্মৃতি, গল্প আর কৌতূহলী প্রশ্ন পাই। অনেকেই জানতে চান— ঠিক কোথায় কোথায় এই ছবির শুটিং হয়েছিল? সেটের ভেতরের পরিবেশ কেমন ছিল? ক্যামেরার পেছনের অজানা গল্পগুলোই বা কী? এমন অনেক বিষয় যা হয়তো আগে কখনও আপনাদের সামনে আসেনি। তাই আমি ঠিক করেছি, এই পুরো সপ্তাহটি আমি ‘রাম তেরি গঙ্গা মৈলি’ এবং আমার প্রিয় অনুরাগীদের উদ্দেশ্যেই উৎসর্গ করব।”
ভক্তদের সঙ্গে পুরনো দিনের স্মৃতি ঝালিয়ে নেওয়ার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, “এই বিশেষ সপ্তাহে আমরা সবাই মিলে ছবির স্মৃতিগুলো আরও একবার নতুন করে অনুধাবন করব। সেটের পরিবেশ, শুটিংয়ের অভিজ্ঞতার পাশাপাশি এমন বহু অজানা গল্প শেয়ার করব যা আপনারা আগে শোনেননি। তবে তার আগে দেখা যাক কার স্মৃতি কতটা সজাগ!”
অনুরাগীদের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুঁড়ে দিয়ে মন্দাকিনী লেখেন, “কমেন্টে আমায় জানান, ঠিক কত তারিখে ‘রাম তেরি গঙ্গা ময়লি’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল? আর হ্যাঁ… সেই বিশেষ মুক্তির দিনেই আমি আপনাদের সঙ্গে লাইভে আসব! তাই তৈরি থাকুন, এবার শুধু সিনেমার পুরনো স্মৃতি নয়, সেই স্মৃতির নেপথ্যের আসল গল্পগুলোও সামনে আসবে।”
উল্লেখ্য, রাজ কাপুর পরিচালিত ‘রাম তেরি গঙ্গা ময়লি’ ছবির গল্প আবর্তিত হয়েছিল ‘গঙ্গা’ নামের এক সরল পাহাড়ি তরুণীকে কেন্দ্র করে, যাকে তার স্বামী ছেড়ে চলে যায়। সন্তানের সুন্দর ভবিষ্যতের আশায় স্বামীকে খুঁজতে পাহাড় থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় গঙ্গা। কিন্তু প্রতারণার শিকার হয়ে শেষ পর্যন্ত তাকে নিষিদ্ধপল্লীর অন্ধকারে তলিয়ে যেতে হয়। গঙ্গার এই করুণ সংগ্রাম ও আত্মত্যাগের কাহিনি তৎকালীন সময়ে ভারতীয় চলচ্চিত্রে এক ইতিহাস তৈরি করেছিল।