রূপসী বাংলা থামবে সাঁতরাগাছিতে, রেল-নির্দেশে ক্ষোভ পুরুলিয়া জুড়ে
এই সময়, পুরুলিয়া: রেল বোর্ডের একটি নির্দেশিকাকে কেন্দ্র করে চরম ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার রেলযাত্রীদের মধ্যে। দক্ষিণ-পূর্ব রেলের পাঁচটি ট্রেনের টার্মিনাল স্টেশন বদলের একটি প্রস্তাব অনুমোদন করে সবুজ সংকেত দিয়েছে রেল বোর্ড। এই তালিকায় পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেসকে হাওড়ার বদলে সাঁতরাগাছি পর্যন্ত চালানোর সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
রেল বোর্ডের কোচিং বিভাগ থেকে জারি করা ওই নির্দেশে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব রেলের দেওয়া প্রস্তাব মেনে পাঁচটি ট্রেনের টার্মিনাল বদলের ছাড়পত্র দেওয়া হয়েছে। রূপসী বাংলা এক্সপ্রেসকে সাঁতরাগাছিতে শেষ করার পাশাপাশি সাঁতরাগাছি-মাঙ্গালুরু বিবেক এক্সপ্রেস ও সাঁতরাগাছি-আজমীর এক্সপ্রেসকে শালিমারে এবং হাওড়া-পুদুচেরি এক্সপ্রেস ও হাওড়া-মাইশুরু এক্সপ্রেসকে হাওড়ার বদলে শালিমার স্টেশনে স্থানান্তরিত করার কথা বলা হয়েছে। যদিও নির্দেশ কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি, তবে এটি দ্রুত কার্যকর করার কথা বলা হয়েছে। এ বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের সিপিআরও ওম প্রকাশ চারন সরাসরি কোনও মন্তব্য করতে চাননি, বিষয়টি খোঁজ নিয়ে দেখার কথা জানিয়েছেন।
রূপসী বাংলা এক্সপ্রেস সাঁতরাগাছিতে শেষ হলে রাতে ট্রেন থেকে নেমে গন্তব্যে পৌঁছনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর হবে বলে অভিযোগ যাত্রীদের। পুরুলিয়ার তেলকলপাড়ার বাসিন্দা অরিজিৎ মণ্ডলের কথায়, ‘আগেও এই ট্রেনটিকে সাঁতরাগাছি করা হয়েছিল, পরে গণদাবির মুখে আবার হাওড়ায় ফেরানো হয়। রাতে সাঁতরাগাছিতে নেমে যাতায়াত করা খুব মুশকিল, তাই ট্রেনটিকে হাওড়া থেকেই চালানোর দাবি জানাচ্ছি।’
এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের প্রাক্তন জ়োননাল ইউজ়ার্স কমিটির সদস্য তথা সিপিএমের জেলা সম্পাদক প্রদীপ রায় বলেন, ‘পুরুলিয়া ও বাঁকুড়ার মানুষ রেলের কাছ থেকে বরাবর বঞ্চনাই পেয়েছে। রূপসী বাংলাকে কার্যত অকেজো করার চক্রান্তের বিরুদ্ধে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন হবে।’
একই সুর জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতোর গলায়। তিনি জানান, হাওড়ায় ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালুর পরে ট্রেন বাড়ার কথা ছিল, অথচ উল্টে কমানো হচ্ছে। সাঁতরাগাছিতে পর্যাপ্ত পরিকাঠামো না-থাকায় নিত্যযাত্রীরা বিপদে পড়বেন। অন্য দিকে, আদ্রা ডিভিশনের রেল ইউজ়ার্স কমিটির সদস্য স্বপনকুমার চৌধুরী বিষয়টি নিয়ে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন। এ নিয়ে সাংসদের কোনও মতামত অবশ্য পাওয়া যায়নি।