বিশ্বভারতীতে ককরোচ-পোস্টারে নিয়োগ-দুর্নীতি নিয়ে প্রশ্ন, বিতর্ক
এই সময়, শান্তিনিকেতন: নিয়োগ দুর্নীতি নিয়ে এ বার ককরোচ জনতা পার্টির নাম করে পোস্টার পড়ল বিশ্বভারতীতে। সহকারী কর্মসচিব-সহ বাংলা, ইংরেজি ও হিন্দি বিভাগে নিয়মবহির্ভূত ভাবে নিয়োগ হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে এই পোস্টারগুলিতে।
ককরোচ জনতা পার্টির নাম করে বিশ্বভারতীর নিয়োগ-দুর্নীতি নিয়ে লেখা পোস্টারে ছেয়ে গিয়েছে শান্তিনিকেতন চত্বর। পোস্টারে লেখা রয়েছে, ‘সব দুর্নীতি এখন ওল্ড ফ্যাশন বিশ্বভারতীর নিয়োগ দুর্নীতির কাছে।’ পোস্টারে দাবি করা হয়েছে, বিশ্বভারতীর বিনয় ভবনে শিক্ষাবিভাগে সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে নিয়মবহির্ভূত ভাবে নিয়োগ করা হয়েছে। সঙ্গীত ভবনে অধ্যাপক নিয়োগের ক্ষেত্রেও বাড়তি সুযোগ পাইয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে।
এই নিয়ে তদন্তের দাবি করা হয়েছে পোস্টারে। নীচে ককরোচ জনতা পার্টি লেখা থাকলেও, ওই পোস্টারগুলি আদৌ কাদের, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও বিষয়টিকে পাত্তা দিতে নারাজ বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ। তিনি বলেন, ‘ভিত্তিহীন ওই পোস্টার নিয়ে কোনও মন্তব্য কেন করবে বিশ্বভারতী?’