প্রয়াত প্রখ্যাত ইতিহাসবিদ সুমিত সরকার
সুমিত সরকারের সবচেয়ে বড় অবদান হলো ভারতের ইতিহাস চর্চার দৃষ্টিকোণ বদলে দেওয়া। স্বাধীনতা সংগ্রামের প্রথাগত বর্ণনার বাইরে গিয়ে তিনি সমাজের সাধারণ কৃষক, শ্রমিক ও প্রান্তিক মানুষের লড়াইয়ের কথা তাঁর গবেষণায় তুলে এনেছেন। রণজিৎ গুহর সঙ্গে ‘সাব অলটার্ন স্টাডিজ়’ বা নিম্নবর্গের ইতিহাস চর্চার সূচনালগ্নে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইতিহাসবিদ পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, ‘ইতিহাস লেখার সূত্র হিসেবে যখন কেবলই সরকারি কাগজপত্র, আর্কাইভের দাপট ছিল, সে সময়ে সুমিতদা খবরের কাগজ, মানুষের মুখের কথা, রাজনৈতিক লিফলেট–প্যামফ্লেট, স্থানীয় সাহিত্যের থেকে ইতিহাসের সূত্র নিয়ে কাজ করেছিলেন। প্রথম সারির এই ইতিহাসবিদের সব থেকে বড় ছাপ বোধহয় এটাই।’ ইতিহাসবিদ সুরঞ্জন দাসের কথায়, ‘আমি যখন অক্সফোর্ডে গবেষণা করছি, আমার গাইড তপন রায়চৌধুরী কিছুদিন অনুপস্থিত ছিলেন। তখন সুমিত সরকার কিছুদিন আমাকে সুপারভাইজ় করেছেন। ফলে তাঁর প্রয়াণ আমার কাছে ব্যক্তিগত ক্ষতি।’