৪৮ ঘণ্টায় ভুল শুধরানোর নির্দেশ, বার্তা ৭২ বেসরকারি ব্লাড ব্যাঙ্ককে - 24 Ghanta Bangla News
Home

৪৮ ঘণ্টায় ভুল শুধরানোর নির্দেশ, বার্তা ৭২ বেসরকারি ব্লাড ব্যাঙ্ককে

Spread the love

এই সময়: রক্ত সংগ্রহ ও সরবরাহে অনিয়মের অভিযোগে অভিযুক্ত ব্লাড ব্যাঙ্কগুলিকে ভুল শুধরে নেওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিল স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার রাজ্যের ৭৩টি ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নিয়ে প্রায় দু’ ঘণ্টার বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তবে একটি ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ বৈঠকে উপস্থিত ছিলেন না। ভার্চুয়ালি বৈঠকে হাজির হয়েছিল ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল (এনবিটিসি)-এর প্রতিনিধিরাও।

বৈঠকে স্বাস্থ্য দপ্তরের তরফে ব্লাড ব্যাঙ্কগুলির পরিষেবায় চিহ্নিত একাধিক ত্রুটি ও অনিয়ম তুলে ধরা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কী কী সংশোধনমূলক পদক্ষেপ করা হচ্ছে, তার রিপোর্ট দিতে হবে। স্বেচ্ছায় রক্তদান শিবিরে নিয়ম মেনে চিকিৎসক পাঠানো, নির্দিষ্ট যোগ্যতা ও মানদণ্ড মেনে চিকিৎসক নিয়োগ-সহ একাধিক বিষয়ে সতর্ক করা হয়েছে।

সম্প্রতি অনিয়মের অভিযোগ ওঠা ১২টি ব্লাড ব্যাঙ্কের মধ্যে অন্যতম হেলথ পয়েন্টকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার পাশাপাশি বাকি ১১টিকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাদের বাইরে শিবির করে রক্ত সংগ্রহেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপাতত শুধুমাত্র নিজেদের ব্লাড ব্যাঙ্কের মধ্যে রক্ত সংগ্রহ করতে এবং সেখান থেকে রক্ত সরবরাহ করতে পারবে তারা। পাশাপাশি সব ব্লাড ব্যাঙ্কের জন্যও একাধিক শর্ত বেঁধে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। নাবালকের কাছ থেকে রক্ত নেওয়া যাবে না এবং একজন রক্তদাতার কাছ থেকে নির্ধারিত পরিমাণের বেশি রক্ত সংগ্রহ করা যাবে না—এমন নির্দেশও রয়েছে।

বৈঠকের পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটা কর্মশালা বা বিতর্কশালা বলতে পারেন। কী কী করেছে, যা করা উচিত ছিল না, আমরা তা তুলে ধরেছি। প্রত্যেককে বলেছি নিয়ম মেনে চলুন।’ রক্তের ঘাটতি নিয়ে অযথা ‘হাহাকার’ তৈরি করা হয়েছিল বলেও দাবি মন্ত্রীর। তাঁর কথায়, ‘রাজ্যে রক্তের কোনও অপ্রতুলতা নেই।’ একই সঙ্গে রক্ত ও প্লাজ়মা পাচারের অভিযোগে নজরদারি চলবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। মন্ত্রীর কথায়, ‘এটা প্রথম এবং শেষ বার বলে দেওয়া হলো।’

এ দিকে, প্রয়োজনে রক্তদাতার আধার কার্ডের প্রতিলিপি জমা রাখা-সহ আরও কিছু ব্যবস্থা চালুর কথা ভাবছে সরকার। তবে সেগুলি কার্যকর করতে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরি করা হবে বলেই স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *