কলকাতা-হাওড়ায় এক ধাক্কায় বাড়ল ওয়ার্ড! বিধানসভায় ধ্বনি ভোটে পাশ বিল
কলকাতা: কলকাতা এবং হাওড়া পুরনিগমে এক ধাক্কায় বেশ কয়েকটি ওয়ার্ড বাড়তে চলেছে। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশনে ধ্বনি ভোটে পাশ হয়ে গেল পুরসভার ওয়ার্ড বাড়ানো…
কলকাতা: কলকাতা এবং হাওড়া পুরনিগমে এক ধাক্কায় বেশ কয়েকটি ওয়ার্ড বাড়তে চলেছে। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশনে ধ্বনি ভোটে পাশ হয়ে গেল পুরসভার ওয়ার্ড বাড়ানো সংক্রান্ত বিল। নয়া বিল অনুযায়ী, কলকাতা পুরনিগমের (KMC) বর্তমান ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে হতে চলেছে ২০৯টি। অন্য দিকে, হাওড়া পুরনিগমেও (HMC) ১৮টি ওয়ার্ড বাড়ছে। সেখানে বর্তমান ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে হতে চলেছে ৬৮টি। এ দিন বিধানসভার অধিবেশনের শুরুতেই হাওড়া পুরনিগম সংক্রান্ত পুরনো বিলটি প্রত্যাহার করে নেওয়া হয়।
সাধারণ মানুষের কাছে সুষ্ঠু ভাবে পুর-পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছে সরকার। এ দিন বিধানসভায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “সাধারণ মানুষকে যথাযথ নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই হাওড়া ও কলকাতা, উভয় কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে।” বিল পাসের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে বিরোধী শিবিরকেও কড়া ভাষায় আক্রমণ করেন পুরমন্ত্রী। বিগত দিনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ”আপনাদের উদ্দেশ্য বোধহয় ভাল ছিল না। ভোট হলে আপনারা হেরে যাবেন, তাই ভোটই করতে দেননি। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে চাইছি। আপনাদের কারণে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা পায়নি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন।”
আগামী ডিসেম্বরেই পুরভোট হওয়ার কথা রয়েছে। তার আগে কলকাতা পুরনিগমের আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সার্বিক ভাবে কলকাতার ওয়ার্ড সংখ্যা বাড়লেও, সব জায়গায় কিন্তু ওয়ার্ড বাড়ছে না। জানা গিয়েছে, চৌরঙ্গী, জোড়াসাঁকো এবং শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে বর্তমানে ১১টি করে ওয়ার্ড থাকলেও, প্রাথমিক খসড়ায় তা কমিয়ে ৮টি করার প্রস্তাব রাখা হয়েছে। সব মিলিয়ে, আসন্ন পুরভোটের আগে এই আসন পুনর্বিন্যাস রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
এসটিএফের জালে পাক গুপ্তচর! বনগাঁ থেকে ধৃত আইএসআই চর
বিজেপি-তৃণমূল ছেড়ে একলা চলো! ‘জেন জি’-দের নিয়ে ‘আজাদ হিন্দ পার্টি’ গড়লেন চন্দ্র বসু