SSC Exam: পরীক্ষার্থী মায়েদের শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা করল শিক্ষা দফতর – Bengali News | Hooghly: Education Department makes special arrangements for children of mothers taking exams
হুগলি: মাকে ছেড়ে থাকতে পারে না শিশুরা। তাই এসএসসি (SSC) পরীক্ষা দিতে একরত্তি সন্তানদের নিয়ে এসেছেন তাঁদের মা। কষ্ট লাঘব করল শিক্ষা দফতর। মূলত, ছোটো শিশুদের গরমে কষ্ট হচ্ছিল। মায়েরা এসএসসি পরীক্ষা দিচ্ছেন। গাড়িতে রোদে শিশুদের নিয়ে বসে থাকতে দেখে হুগলি জেলা শিক্ষা দফতরের আধিকারিকরা শিশুদের ডিআই অফিসে বসার ব্যবস্থা করে দেন।
হুগলি ডিআই সত্যজিৎ মণ্ডল তাঁর এসি (AC) চেম্বারে শিশুদের থাকার ব্যবস্থা করেন।
একটি শিশুর বয়স আড়াই। অন্যজনের সাড়ে চার মাস। তাঁদের এসিতে থাকার অসুবিধা হওয়ায় পাখার তলায় বসার ব্যবস্থা করা হয়।
ডিআই বলেন, “শিশুদের মা পরীক্ষা দিচ্ছেন। আর বাচ্চাগুলোর বাইরে গরমে কষ্ট হচ্ছে। সেই কারণেই ওদের অফিসে নিয়ে এসেছি। এটা মানবিক উদ্যোগ।” জেলা প্রশাসন ও শিক্ষা দফতরের এই ব্যবস্থাপনায় খুশি অভিভাবরা। তাঁরা বলেন, “বাইরে প্রচণ্ড গরম। গাড়িতে বসে থাকতে সমস্যা হচ্ছিল। প্রশাসন যে ব্যবস্থা করেছে খুবই ভাল। এর আগে অনেক চাকরির পরীক্ষা হয়েছে, কিন্তু এরকম ব্যবস্থা হয়নি।”